গত ২৪ ঘণ্টায় রাজবাড়ী, সিরাজগঞ্জ, ময়মনসিংহ ও ফরিদপুরে পার্কিং করে রাখা কিংবা মহাসড়কের পাশে দাঁড় করিয়ে রাখা বাস ও ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় কয়েকটি যানবাহন ক্ষতিগ্রস্ত হলেও তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কয়েকটি ঘটনায় আগুনের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। আবার কোথাও পরিকল্পিত নাশকতার আশঙ্কার কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাস টার্মিনালে গত শনিবার মধ্যরাতে ‘নিউ ক্ল্যাসিক্যাল’ নামে একটি লোকাল বাসে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। গোয়ালন্দ ঘাট থানার ওসি মো. সফিকুল ইসলাম জানান, আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাঐল ওভারব্রিজ এলাকায় যমুনা সেতু পশ্চিম মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে শনিবার দিবাগত রাতে আগুন লাগে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন বলে জানান যমুনা সেতু পশ্চিম থানার ওসি আমিরুল ইসলাম। আগুন লাগার সময় ট্রাকটির চালক বা সহকারী ঘটনাস্থলে ছিলেন না। আগুনের উৎসও জানা যায়নি।
ময়মনসিংহ নগরীর মাসকান্দা এলাকায় রাস্তার পাশে রাখা ‘সৌখিন পরিবহন’-এর একটি বাসে শনিবার দিবাগত রাতে আগুন লাগে। খবর পেয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী জানান, প্রাথমিকভাবে ঘটনাটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ফরিদপুরে করিমপুর হাইওয়ে থানার সামনে ঢাকা-খুলনা মহাসড়কে পার্কিং করে রাখা ‘পূর্বাশা পরিবহন’-এর একটি জব্দকৃত বাসে শুক্রবার রাতে আগুন লাগে। এতে বাসটির প্রায় ৮০ শতাংশ পুড়ে যায়। বাসটিতে ব্যাটারি বা দাহ্য কোনো পদার্থ না থাকায় শর্টসার্কিটের সম্ভাবনা নেই বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ঘটনাটিকে পরিকল্পিত নাশকতা হিসেবে সন্দেহ করা হচ্ছে। ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা শ্রীবাস বাড়ৈ জানান, প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী।![]()