জুলাই গণ-অভ্যুত্থানে গুরুতর আহতদের চিকিৎসা ও পুনর্বাসনে অপরাজিত ২৪ ফাউন্ডেশনকে ১ কোটি ৫০ লাখ টাকা এককালীন সহায়তা দিয়েছে এনসিসি ব্যাংক পিএলসি।
সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের অংশ হিসেবে এ অনুদানের চেক হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে এনসিসি ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিম অপরাজিত ২৪ ফাউন্ডেশনের সহসভাপতি সাইফুল ইসলামের হাতে সহায়তার চেক তুলে দেন।
ব্যাংক সূত্রে জানা গেছে, এ অর্থ দিয়ে জুলাই গণ-অভ্যুত্থানে গুরুতর ক্ষতিগ্রস্ত ৫০ জনকে পুনর্বাসন কার্যক্রমের আওতায় আনা হবে। প্রত্যেক উপকারভোগীর জন্য সর্বোচ্চ ৩ লাখ টাকা পর্যন্ত সহায়তা দেয়া হবে।
পুনর্বাসনের ক্ষেত্রে উপকারভোগীদের প্রয়োজন অনুযায়ী চিকিৎসা সরঞ্জাম সরবরাহ, কর্মসংস্থানের সুযোগ তৈরিতে সমন্বয়, আয়বর্ধক কার্যক্রমের উপকরণ সরবরাহ এবং সরাসরি আর্থিক সহায়তা দেয়া হবে। পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচিও তদারকি করা হবে।
এনসিসি ব্যাংক জানিয়েছে, জুলাই গণ-অভ্যুত্থানে গুরুতর আহত ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের চিকিৎসার পাশাপাশি তাদের দীর্ঘমেয়াদি পুনর্বাসন নিশ্চিত করাই এ সহায়তার মূল উদ্দেশ্য। পুনর্বাসন কার্যক্রমের মাধ্যমে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের স্বাবলম্বী করে তোলার উদ্যোগ নেয়া হয়েছে।
চেক হস্তান্তর অনুষ্ঠানে এনসিসি ব্যাংকের ভাইস চেয়ারম্যান প্রকৌশলী আবদুস সালাম এবং কোম্পানি সচিব (চলতি দায়িত্ব) মো. নজরুল ইসলাম চৌধুরী উপস্থিত ছিলেন।
অপরাজিত ২৪ ফাউন্ডেশনের পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ড. মুস্তাজিব হায়দার, শাহরিয়ার আক্তার হক, প্রোগ্রাম কো-অর্ডিনেটর আবদুল্লাহ আস সাকিব এবং প্রোগ্রাম অফিসার তাছমিয়া হক মৌসুমী।![]()