ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামের সঙ্গে মতবিনিময় করেছেন বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দ।
সোমবার (১০ আগস্ট) বিকেলে নগর ভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান ডিএসসিসি প্রশাসক। পরে ফোরামের নেতৃবৃন্দও প্রশাসককে শুভেচ্ছা ও ফুলেল অভিনন্দন জানান।
মতবিনিময়কালে ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম ঢাকাকে আধুনিক, পরিচ্ছন্ন ও বসবাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে সিটি করপোরেশনের জনকল্যাণমুখী কার্যক্রম আরও গতিশীল করতে গণমাধ্যমকর্মীদের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।
আবদুস সালাম বলেন, একটি সুন্দর, আধুনিক ও গতিশীল নগর গঠনে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে নগরের সমস্যা, সম্ভাবনা ও নাগরিকদের প্রত্যাশা তুলে ধরে সাংবাদিকরা ঢাকার উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
তিনি বলেন, নাগরিক সেবা আরও সহজ, কার্যকর ও জনবান্ধব করতে ডিএসসিসি কাজ করছে। নগরবাসীর প্রত্যাশা অনুযায়ী সেবার মান উন্নয়ন এবং বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের গতি বাড়াতে গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন।
ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দ ডিএসসিসি প্রশাসককে ধন্যবাদ জানান এবং ঢাকার উন্নয়ন, নাগরিক সেবা নিশ্চিতকরণ ও নগরবাসীর বিভিন্ন সমস্যা তুলে ধরার ক্ষেত্রে গণমাধ্যমকর্মী হিসেবে পাশে থাকার আশ্বাস দেন।
তারা বলেন, রাজধানীর বিপুলসংখ্যক মানুষের নাগরিক জীবনকে আরও স্বস্তিদায়ক করতে সিটি করপোরেশনের কার্যক্রমের পাশাপাশি গণমাধ্যমেরও দায়িত্ব রয়েছে। নগরের সমস্যা ও নাগরিক দুর্ভোগের বিষয়গুলো বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা সম্ভব।
বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, অভিজ্ঞতা ও দূরদর্শী নেতৃত্বের সমন্বয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নাগরিক সেবা নিশ্চিতকরণ, পরিচ্ছন্নতা ও নগর ব্যবস্থাপনায় নতুন দৃষ্টান্ত স্থাপন করবে।
মতবিনিময় সভায় বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নবনির্বাচিত সভাপতি নুরুদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ মোমিন হোসেনসহ নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।![]()