ডিজিটাল পেমেন্টকে দৈনন্দিন জীবনের অংশ করে তুলতে চাই: জাকিয়া সুলতানা
রাজু আলীম
বাংলাদেশে ডিজিটাল অর্থনীতির বিস্তারের সঙ্গে মানুষের লেনদেনের অভ্যাসেও পরিবর্তন আসছে। স্মার্টফোন, ই-কমার্স ও ডিজিটাল সেবার ব্যবহার বাড়ায় দৈনন্দিন কেনাকাটা থেকে শুরু করে বিভিন্ন আর্থিক লেনদেনে ডিজিটাল পেমেন্টের চাহিদা বাড়ছে। এ পরিবর্তন দেশের অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরি করছে বলে মনে করেন মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জাকিয়া সুলতানা।
তিনি বলেন, ‘বাংলাদেশের ডিজিটাল অর্থনীতির অগ্রযাত্রায় আমরা একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখতে পাচ্ছি। স্মার্টফোন, ডিজিটাল সেবা ও ই-কমার্সের ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের লেনদেনের অভ্যাসও বদলাচ্ছে। দৈনন্দিন কেনাকাটা থেকে শুরু করে বিভিন্ন সেবা গ্রহণ—সব ক্ষেত্রেই ডিজিটাল পেমেন্টের ব্যবহার বাড়ছে। একই সঙ্গে সহজ, নিরাপদ ও নির্ভরযোগ্য পেমেন্ট ব্যবস্থার প্রয়োজনীয়তাও বাড়ছে।’
জাকিয়া সুলতানার মতে, ডিজিটাল পেমেন্টের প্রবৃদ্ধি শুধু লেনদেনের সংখ্যা বাড়ানোর বিষয় নয়; গ্রাহকের অভিজ্ঞতা ও আস্থাও এখানে গুরুত্বপূর্ণ। গ্রাহক কতটা সহজে, নিরাপদে ও নির্ভরযোগ্যভাবে লেনদেন করতে পারছেন, সেটিই ডিজিটাল পেমেন্টের বিস্তারে বড় ভূমিকা রাখে।
তিনি বলেন, স্থানীয় অংশীদারদের সঙ্গে কাজ করে মাস্টারকার্ড কার্ডহোল্ডারদের জন্য নিয়মিত আকর্ষণীয় অফার, ডিসকাউন্ট ও লাইফস্টাইল সুবিধা দিচ্ছে। গুগল পে, শিক্ষার্থীদের জন্য স্পার্ক প্রিপেইড কার্ড এবং কো-ব্র্যান্ডেড প্রিপেইড স্টিকার কার্ডের মতো উদ্যোগও ডিজিটাল পেমেন্টকে মানুষের দৈনন্দিন জীবনের অংশ করে তোলার প্রচেষ্টার অংশ।
ডিজিটাল পেমেন্টের অর্থনৈতিক গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘গ্রাহকের আস্থা ও ব্যবহার বাড়ানোর পাশাপাশি ডিজিটাল পেমেন্ট একটি দেশের সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে। এটি লেনদেনকে আরও স্বচ্ছ, গতিশীল ও দক্ষ করে তুলতে পারে। একই সঙ্গে বিদেশি বিনিয়োগকারী ও আন্তর্জাতিক ব্যবসায়িক অংশীদারদের জন্যও আস্থার পরিবেশ তৈরি করে।’
এ প্রসঙ্গে ২০২৫ সালে বাংলাদেশের নিট বৈদেশিক বিনিয়োগ ৩৯ দশমিক ৩৬ শতাংশ বেড়ে ১ দশমিক ৭৭ বিলিয়ন ডলারে পৌঁছানোর তথ্য উল্লেখ করেন জাকিয়া সুলতানা। বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন রিপোর্ট ২০২৫ অনুযায়ী, দেশের প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর ৬৪ দশমিক ৫ শতাংশ আনুষ্ঠানিক আর্থিক সেবার আওতায় এসেছে বলেও জানান তিনি। তাঁর মতে, আর্থিক অন্তর্ভুক্তির এই অগ্রগতি আরও বেশি মানুষকে আনুষ্ঠানিক আর্থিক ব্যবস্থায় যুক্ত করার সুযোগ তৈরি করেছে।
তবে ডিজিটাল পেমেন্টের বিস্তার শুধু ব্যক্তিগত পর্যায়ে সীমাবদ্ধ রাখলে চলবে না বলে মনে করেন মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার। তাঁর মতে, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ব্যবসায়িক লেনদেনেও সহজ ও নিরাপদ পেমেন্ট ব্যবস্থা নিশ্চিত করা জরুরি। এ ক্ষেত্রে মাস্টারকার্ডের এসএমই ক্রেডিট কার্ড উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনা ও আর্থিক নমনীয়তা বাড়াতে সহায়তা করছে। অন্যদিকে সফটপিওএস প্রযুক্তির মাধ্যমে ছোট ব্যবসাপ্রতিষ্ঠানগুলো প্রচলিত ব্যয়বহুল পিওএস মেশিন ছাড়াই কন্ট্যাক্টলেস কার্ড পেমেন্ট গ্রহণ করতে পারছে।
আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রেও ডিজিটাল পেমেন্টের গুরুত্ব বাড়ছে বলে উল্লেখ করেন তিনি। বিদেশি বিনিয়োগকারী ও পর্যটকদের জন্য নির্ভরযোগ্য পেমেন্ট ব্যবস্থার পাশাপাশি রেমিট্যান্স ও আন্তর্জাতিক বাণিজ্যে দ্রুত এবং নিরাপদ লেনদেন প্রয়োজন। জাকিয়া সুলতানা বলেন, মাস্টারকার্ডের বৈশ্বিক নেটওয়ার্ক ও প্রযুক্তি বাংলাদেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোকে আন্তর্জাতিক পেমেন্ট ইকোসিস্টেমের সঙ্গে আরও কার্যকরভাবে যুক্ত করছে। এর ফলে প্রবাসীদের পাঠানো অর্থ দ্রুত, নিরাপদ ও স্বচ্ছ উপায়ে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি হচ্ছে।
বাংলাদেশের ডিজিটাল পেমেন্ট খাতের ভবিষ্যৎ সম্ভাবনা তুলে ধরে তিনি বলেন, আগামী পাঁচ বছরে এ খাতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধির সুযোগ রয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২১ সালের সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের আগস্ট পর্যন্ত দেশে ইস্যু করা ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ডের সংখ্যা ৯৬ শতাংশ বেড়ে প্রায় ৫ কোটি ৩০ লাখে পৌঁছেছে। একই সময়ে এসব কার্ডের মাধ্যমে লেনদেনের মোট মূল্য বেড়েছে ১০৩ শতাংশ।
তবে এ প্রবৃদ্ধিকে টেকসই করতে পেমেন্ট অবকাঠামোর উন্নয়নের পাশাপাশি সাইবার নিরাপত্তা, তথ্যের সুরক্ষা ও আর্থিক সাক্ষরতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন জাকিয়া সুলতানা। তাঁর মতে, ক্ষুদ্র ব্যবসায়ী ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে ডিজিটাল আর্থিক সেবা সহজলভ্য করাও জরুরি।
তিনি বলেন, নীতিনির্ধারক, আর্থিক প্রতিষ্ঠান ও প্রযুক্তি খাতের সমন্বিত উদ্যোগ একটি নিরাপদ, বিকশিত ও অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল অর্থনীতি গড়ে তুলতে পারে। এ ক্ষেত্রে স্থানীয় বাজারের চাহিদা অনুযায়ী অংশীদারত্ব, প্রযুক্তিগত উদ্ভাবন এবং গ্রাহকের আস্থা বাড়ানোর উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
রাজু আলীম
কবি, সাংবাদিক, মিডিয়া ব্যক্তিত্ব![]()