বিদেশে অবস্থানরত দণ্ডিত আওয়ামী লীগ নেতাদের দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় আইনি ও কূটনৈতিক পদক্ষেপ নিচ্ছে সরকার। এ বিষয়ে ভারত সরকারের সঙ্গে সরকারি পর্যায়ে চিঠিপত্র আদান-প্রদান চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তির আওতায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ বাংলাদেশের প্রত্যাশিত অন্যদের দেশে ফিরিয়ে আনতে এরই মধ্যে প্রচেষ্টা চলছে। তাদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জন্য কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।
গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শামা ওবায়েদ বলেন, জুলাই হত্যাকাণ্ডের ঘটনায় দণ্ডিত সাত ব্যক্তির বিষয়ে আদালতের রায় ও সংশ্লিষ্ট নথিপত্র আনুষ্ঠানিকভাবে পাওয়ার পর সরকার প্রয়োজনীয় কূটনৈতিক প্রক্রিয়া শুরু করবে। নথিপত্র পাওয়ার পর যথাযথ প্রক্রিয়ায় ভারত সরকারের সঙ্গে যোগাযোগ করা হবে।
তিনি বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে প্রত্যর্পণের বিষয়ে নয়াদিল্লির কাছ থেকে ঢাকা এখনো সুনির্দিষ্ট কোনো জবাব পায়নি। এ বিষয়ে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে। ভারতের নিজস্ব কিছু অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়া থাকতে পারে, যা দেশটি অনুসরণ করছে বলে বাংলাদেশ মনে করছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জন্য দণ্ডিত ও বাংলাদেশের প্রত্যাশিত ব্যক্তিদের দেশে না আনা পর্যন্ত সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
এদিকে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার নিয়োগে ভারতের অনুমোদন দিতে বিলম্বের বিষয়ে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনের বিষয়ে শামা ওবায়েদ গণমাধ্যমকে অনুমাননির্ভর তথ্যের ওপর নির্ভর না করার আহ্বান জানিয়েছেন। এ বিষয়ে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় অথবা ভারত সরকারের আনুষ্ঠানিক বিবৃতি কিংবা সুনির্দিষ্ট তথ্যের জন্য অপেক্ষা করার অনুরোধ করেন তিনি।
![]()