চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানো এবং দেশের বৈদেশিক বাণিজ্যকে আরও গতিশীল করতে পতেঙ্গায় লালদিয়া কনটেইনার টার্মিনালের আনুষ্ঠানিক নির্মাণকাজ শুরু হচ্ছে আজ। রোববার সকাল ১১টায় লালদিয়া প্রকল্প এলাকায় আয়োজিত অনুষ্ঠানে ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম।
নৌপরিবহন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ডেনমার্কের আর্থিক ও কারিগরি সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। আন্তর্জাতিক মানের স্বয়ংক্রিয় প্রযুক্তিনির্ভর এই টার্মিনাল চালু হলে বড় জাহাজ থেকে দ্রুত কনটেইনার খালাস এবং পণ্য হ্যান্ডলিংয়ের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে।
বর্তমানে দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের বড় অংশই চট্টগ্রাম বন্দরের মাধ্যমে পরিচালিত হয়। তবে ক্রমবর্ধমান কনটেইনার পরিবহন ও বড় আকারের জাহাজ আগমনের কারণে বন্দরের ওপর চাপ বেড়েছে। নতুন টার্মিনাল সেই চাপ কমানোর পাশাপাশি বন্দরের কার্যক্রমকে আরও দক্ষ ও প্রতিযোগিতামূলক করবে বলে মনে করছে সরকার।
মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, লালদিয়া কনটেইনার টার্মিনাল চালু হলে পণ্যজট কমবে, লজিস্টিকস খাতে সময় ও ব্যয় হ্রাস পাবে এবং আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তা, ডেনমার্কের প্রতিনিধিদল, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাদের উপস্থিত থাকার কথা রয়েছে।![]()