ব্যাংকের পর্ষদে শেয়ারধারী প্রতিষ্ঠানের পক্ষে প্রতিনিধি পরিচালক নিয়োগ, পুনর্নিয়োগ বা পরিবর্তনের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন বাধ্যতামূলক করা হয়েছে। একই সঙ্গে মনোনীত ব্যক্তির সংশ্লিষ্ট শেয়ারধারী প্রতিষ্ঠানের মালিকানা থাকার প্রমাণপত্রও জমা দিতে হবে। ব্যাংকের মালিকানা কাঠামোয় স্বচ্ছতা ও পর্ষদের জবাবদিহিতা বাড়াতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। ঠামোয় স্বচ্ছতা ও স্থিতিশীলতা নিশ্চিত করা, শেয়ারধারী কোম্পানির আর্থিক সক্ষমতার তুলনায় অসামঞ্জস্যপূর্ণ বিনিয়োগ কমানো, প্রতিনিধি পরিচালকদের ভূমিকা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং আমানতকারীদের স্বার্থ সংরক্ষণের লক্ষ্যেই নতুন নির্দেশনা দেওয়া হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, কোনো শেয়ারধারী প্রতিষ্ঠানের পক্ষে প্রতিনিধি পরিচালক নিয়োগ করতে হলে আগে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন নিতে হবে। শুধু নতুন নিয়োগ নয়, বিদ্যমান প্রতিনিধি পরিচালকের পুনর্নিয়োগ কিংবা পরিবর্তনের ক্ষেত্রেও একই অনুমোদন প্রয়োজন হবে।
এ ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের কাছে আবেদন করার সময় মনোনীত ব্যক্তির সংশ্লিষ্ট শেয়ারধারী প্রতিষ্ঠানে মালিকানা থাকার প্রমাণ দিতে হবে। অর্থাৎ প্রতিনিধি পরিচালক হিসেবে মনোনীত ব্যক্তির সঙ্গে যে শেয়ারধারী প্রতিষ্ঠানের প্রতিনিধিত্বের সম্পর্ক রয়েছে, সেটিও নথির মাধ্যমে যাচাই করা হবে।
এর পাশাপাশি ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এ সংক্রান্ত সার্কুলারের বিষয়বস্তু উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। ব্যাংকের পরিচালক ও সংশ্লিষ্ট শেয়ারধারীদের বিষয়টি অবহিত করার কথাও বলা হয়েছে।
ব্যাংকের পরিচালনা পর্ষদে শেয়ারধারী প্রতিষ্ঠানের প্রতিনিধি পরিচালকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। কারণ তারা যে প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করেন, সেই প্রতিষ্ঠানের মালিকানা ও ব্যাংকের পর্ষদে সিদ্ধান্ত গ্রহণের মধ্যে সরাসরি সম্পর্ক তৈরি হয়। ফলে প্রতিনিধি পরিচালক নিয়োগের প্রক্রিয়ায় কেন্দ্রীয় ব্যাংকের যাচাই বাড়ানো হলে মালিকানা কাঠামো ও পরিচালনা পর্ষদের স্বচ্ছতা নিশ্চিত করার সুযোগ বাড়বে।
বাংলাদেশের ব্যাংকিং খাতে দীর্ঘদিন ধরেই পর্ষদ পরিচালনা, মালিকানা কাঠামো, সংশ্লিষ্ট পক্ষের ঋণ এবং পরিচালকদের জবাবদিহিতা নিয়ে আলোচনা রয়েছে। নতুন নির্দেশনাটি সেই কাঠামোর নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করার অংশ হিসেবে দেখা হচ্ছে।
তবে নতুন বিধান বাস্তবায়নের ক্ষেত্রে ব্যাংকগুলোকে বিদ্যমান প্রতিনিধি পরিচালক ও শেয়ারধারী প্রতিষ্ঠানের তথ্য হালনাগাদ করতে হবে। নতুন নিয়োগ বা পরিবর্তনের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন প্রক্রিয়াও অনুসরণ করতে হবে।
সূত্র: বাংলাদেশ ব্যাংক।![]()