প্রবাসী বাংলাদেশিদের নতুন পাসপোর্ট তৈরি ও পাসপোর্ট পুনঃইস্যু প্রক্রিয়া সহজ করার দাবি জানিয়েছে এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশন। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে মতবিনিময় করেছেন সংগঠনটির নেতারা।
বুধবার পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল আইয়ূব চৌধুরীর সঙ্গে অনুষ্ঠিত সভায় এ দাবি জানান তাঁরা।
সভায় এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াছিন চৌধুরীর নেতৃত্বে উপস্থিত ছিলেন সংগঠনটির ভাইস প্রেসিডেন্ট কাজী সারওয়ার হাবীব (জাপান), সহকারী মহাসচিব আব্দুল আজিজ খান (কাতার), পরিচালক (অর্থ) প্রকৌশলী আশরাফুর রহমান (ওমান) এবং নির্বাহী সদস্য জসিম উদ্দিন (দুবাই) ও আব্দুল করিম (ওমান)।
সভায় প্রবাসীদের পাসপোর্ট তৈরি ও পুনঃইস্যুর ক্ষেত্রে বিদ্যমান সমস্যাগুলো তুলে ধরেন সংগঠনের নেতারা। তাঁরা এসব জটিলতা নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক তাঁদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন। স্বরাষ্ট্রমন্ত্রীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি। পাশাপাশি আন্তমন্ত্রণালয় সভায় প্রবাসীদের প্রতিনিধি হিসেবে এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনের নেতাদের সম্পৃক্ত করার বিষয়েও উদ্যোগ নেওয়ার কথা জানান।
সংগঠনটির নেতারা আশা প্রকাশ করেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পাসপোর্ট অধিদপ্তরের সমন্বিত উদ্যোগে প্রবাসীদের পাসপোর্ট-সংক্রান্ত ভোগান্তি কমবে এবং নতুন পাসপোর্ট তৈরি ও পুনঃইস্যুর প্রক্রিয়া আরও সহজ হবে।![]()