বাংলাদেশে প্রথমবারের মতো অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু করেছে প্রযুক্তি ব্র্যান্ড সনি। একই সঙ্গে রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে নতুন শোরুমও উদ্বোধন করেছে প্রতিষ্ঠানটি। এর ফলে দেশের ফটোগ্রাফার ও ভিডিওগ্রাফারদের জন্য স্থানীয় বাজারেই সনির ক্যামেরা ও সংশ্লিষ্ট সরঞ্জামের অনুমোদিত মেরামত ও রক্ষণাবেক্ষণ সুবিধা তৈরি হলো।
বসুন্ধরা সিটির লেভেল ১-এর ব্লক বি-এর ২০ ও ৩০ নম্বর দোকানে একই ছাদের নিচে শোরুম ও অনুমোদিত ক্যামেরা সার্ভিস (এসিএস) সেন্টার চালু করা হয়েছে। সনি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
সম্প্রতি বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেডের সিনিয়র জেনারেল ম্যানেজার (অপারেশনস) মেজর শেখ মুহাম্মদ মিজানুর রহমান (অব.) এবং সনি করপোরেশনের গ্লোবাল সেলস অ্যান্ড মার্কেটিংয়ের ইমেজিং মার্কেটিং ডিভিশনের ডেপুটি জেনারেল ম্যানেজার কোজি সেকিগুচি ফিতা কেটে সার্ভিস সেন্টারটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে ফুজি সিস্টেমস ইন্টারন্যাশনালের (এফএসআই) জেনারেল ম্যানেজার চ্যাং জং এবং সনি রিজিওনাল মার্কেটিংয়ের (সিঙ্গাপুর) মার্কেটিং প্রধান ইয়াপ ইয়ুং উপস্থিত ছিলেন।
সনি জানিয়েছে, দেশে পেশাদার ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফির বাজার সম্প্রসারণের সঙ্গে ক্যামেরা ও অন্যান্য ইমেজিং সরঞ্জামের নির্ভরযোগ্য বিক্রয়োত্তর সেবার চাহিদাও বাড়ছে। এ চাহিদা বিবেচনায় নিয়ে স্থানীয় পর্যায়ে অনুমোদিত মেরামত ও রক্ষণাবেক্ষণ সুবিধা চালু করা হয়েছে।
বিশেষ করে বিয়ে ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের মৌসুমে ক্যামেরা বা অন্যান্য সরঞ্জামে ত্রুটি দেখা দিলে পেশাদার আলোকচিত্রী ও ভিডিওগ্রাফারদের কাজ ব্যাহত হওয়ার পাশাপাশি আর্থিক ক্ষতির ঝুঁকি থাকে। নতুন সার্ভিস সেন্টারের মাধ্যমে এ ধরনের সমস্যায় দ্রুত সেবা পাওয়ার সুযোগ তৈরি হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
সনির দাবি, স্থানীয় বাজারে ক্যামেরা ও সংশ্লিষ্ট গিয়ারের অনুমোদিত মেরামত সুবিধার ঘাটতি কমানোর পাশাপাশি নতুন কেন্দ্রটি দেশের ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি শিল্পের বিকাশে সহায়ক হবে। পেশাদার ব্যবহারকারীদের পাশাপাশি সাধারণ গ্রাহকরাও এ সেবা নিতে পারবেন।
নতুন শোরুম ও অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টারটি মঙ্গলবার ছাড়া সপ্তাহের প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। পণ্য ও সেবা সম্পর্কে বিস্তারিত তথ্য সনি এশিয়া বাংলাদেশের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।![]()