অনলাইন ডেস্ক
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ বেড়েছে। এর প্রভাব পড়েছে আন্তর্জাতিক বাজারে। রাতভর দুই দেশের পাল্টাপাল্টি হামলার পর বুধবার লেনদেনের শুরুতে অপরিশোধিত তেলের দাম প্রায় ১ শতাংশ বেড়েছে।
বাজারসংশ্লিষ্টদের আশঙ্কা, সংঘাত দীর্ঘায়িত হলে মধ্যপ্রাচ্য থেকে বিশ্ববাজারে তেল সরবরাহ ব্যাহত হতে পারে। বিশেষ করে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে উদ্বেগ বাড়ায় বাজারে সরবরাহঝুঁকিও বেড়েছে।
আন্তর্জাতিক বাজারের গুরুত্বপূর্ণ সূচক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮৭ সেন্ট বা দশমিক ৯২ শতাংশ বেড়ে ৯৫ দশমিক ৫২ ডলারে উঠেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ৮০ সেন্ট বা দশমিক ৮৯ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯১ দশমিক ২ ডলারে দাঁড়িয়েছে।
এর আগে মঙ্গলবারও আন্তর্জাতিক বাজারে তেলের দামে বড় উত্থান হয়। ওই দিন ব্রেন্ট ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট—দুই ধরনের অপরিশোধিত তেলের দামই ব্যারেলপ্রতি ৪ ডলারের বেশি বেড়েছিল। ব্রেন্টের ক্ষেত্রে ২৪ জুলাইয়ের পর এবং ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের ক্ষেত্রে ২৩ জুলাইয়ের পর সেটিই ছিল সবচেয়ে বড় এক দিনের মূল্যবৃদ্ধি।
বিশ্লেষকেরা বলছেন, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও বাড়লে বিশ্ববাজারে তেল সরবরাহের ঝুঁকি স্পষ্ট হয়ে উঠতে পারে। এতে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
মধ্যপ্রাচ্যের সামরিক উত্তেজনা তাই এখন শুধু আঞ্চলিক নিরাপত্তার বিষয় নয়, বৈশ্বিক জ্বালানি বাজারের জন্যও বড় অনিশ্চয়তার কারণ হয়ে উঠেছে।![]()