১৮ কোটি জনগণই রাষ্ট্রের প্রকৃত মালিক, ভূমি সেবায় দুর্নীতির ১ শতাংশ বরদাশত নয়’: ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী মীর হেলাল![]()
সেবাপ্রাপ্তির মাধ্যমে দেশের জনগণ যেন নিজেদের রাষ্ট্রের প্রকৃত মালিক হিসেবে অনুভব করতে পারে— প্রশিক্ষণার্থী সহকারী কমিশনারদের (ভূমি) উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর এই নির্দেশনা স্মরণের আহ্বান জানিয়েছেন ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি।
আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ২০২৬) রাজধানীর ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে ভূমি মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় ৪৮ ও ৪৯তম বেসিক ভূমি ব্যবস্থাপনা কোর্স সমাপ্তকারী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।![]()
প্রতিমন্ত্রী মীর হেলাল বলেন, “এদেশের প্রকৃত মালিক ১৮ কোটি জনগণ। আপনারা এমনভাবে দায়িত্ব পালন করবেন যেন নাগরিকেরা সেবাপ্রাপ্তির মাধ্যমে বুঝতে পারে যে তারাই এই রাষ্ট্রের মূল ক্ষমতার মালিক।”![]()
ভূমি খাতে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা উল্লেখ করে তিনি বলেন, “ভূমি ব্যবস্থাপনায় ওয়ান পার্সেন্ট (১%) দুর্নীতিপরায়ণ লোক রয়েছে, যাদের অপকর্মের কারণে পুরো ভূমি ব্যবস্থাপনা বদনামের মুখে পড়ে। এই দুর্নীতিবাজদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে হবে।”![]()
নবীন এসিল্যান্ডদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আরও বলেন, “শুধু নিজেরা সতর্ক বা সৎ থাকলে চলবে না। আপনারা নিজেরা যেভাবে সততা ও দক্ষতার সঙ্গে কাজ করবেন, অধীনস্থ সহকর্মীদেরও তা অনুসরণে অনুপ্রাণিত করতে হবে। মনে রাখবেন, অধীনস্থদের ভালো-মন্দের সকল কাজের দায়দায়িত্ব দিনশেষে আপনাদের ওপরই বর্তাবে।”![]()
উল্লেখ্য, ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের এই সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি।![]()
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মিজ্ ফারজানা শারমীন, এমপি।![]()