ভেনিস চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতায় রুবাইয়াত হোসেনের ‘ডিফিকাল্ট ব্রাইড’
বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ভেনিস চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে প্রথমবারের মতো বাংলাদেশের একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র স্থান পেয়েছে। মেধাবী নির্মাতা রুবাইয়াত হোসেন পরিচালিত ‘ডিফিকাল্ট ব্রাইড’ এ বছরের উৎসবের মূল প্রতিযোগিতায় নির্বাচিত হয়েছে।
এ উপলক্ষে উচ্ছ্বাস প্রকাশ করেছেন চলচ্চিত্রটির একজন অভিনয়শিল্পী ও চিকিৎসক
ড. মোহাম্মদ বারী। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, মর্যাদাপূর্ণ ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রথমবারের মতো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে মূল প্রতিযোগিতায় নির্বাচিত হওয়া বাংলাদেশের চলচ্চিত্রের জন্য একটি গৌরবের অর্জন।
ড. বারী জানান, ‘ডিফিকাল্ট ব্রাইড’-এর একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে তিনি আনন্দিত ও গর্বিত। একই সঙ্গে চলচ্চিত্রটির প্রধান চরিত্রে অভিনয় করা নতুন মুখ জাইনিন চৌধুরীর কথাও উল্লেখ করেন তিনি।
পোস্টে রুবাইয়াত হোসেনের আগের চলচ্চিত্রগুলোর কথাও স্মরণ করেন ড. বারী। তিনি বলেন, ‘মেহেরজান’, ‘আন্ডার কন্সট্রাকশন’ এবং ‘মেইড ইন বাংলাদেশ’-এর মতো প্রশংসিত চলচ্চিত্র নির্মাণের মাধ্যমে রুবাইয়াত হোসেন দেশ-বিদেশে সুনাম অর্জন করেছেন। এবার ‘ডিফিকাল্ট ব্রাইড’-এর মাধ্যমে তিনি আবারও বিশ্বমঞ্চে বাংলাদেশের চলচ্চিত্রকে তুলে ধরার সুযোগ সৃষ্টি করেছেন।
রুবাইয়াত হোসেনকে অভিনন্দন জানিয়ে ড. বারী লেখেন, বিশ্বমঞ্চে বাংলাদেশকে নতুন করে পরিচিত করার জন্য তিনি নির্মাতার প্রতি কৃতজ্ঞ। পাশাপাশি চলচ্চিত্রটির সার্বিক সাফল্য কামনা করে তিনি বলেন, “জয় হোক ‘ডিফিকাল্ট ব্রাইড’-এর, জয় হোক বাংলাদেশের।”
ভেনিস চলচ্চিত্র উৎসব বিশ্বের প্রাচীনতম ও অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব হিসেবে বিবেচিত। এ উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে বাংলাদেশের একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের অন্তর্ভুক্তি দেশের চলচ্চিত্র শিল্পের জন্য একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে।