বিদেশে বাংলাদেশের তিন মিশনে দায়িত্ব পালনরত নারী কূটনীতিক নওরীন আহসান, সামিনা নাজ ও নাহিদা রহমান সুমনাকে সচিব পদমর্যাদায় পদোন্নতি দিয়েছে সরকার। সোমবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
পদোন্নতি পাওয়া তিন কর্মকর্তার মধ্যে নওরীন আহসান বর্তমানে ব্রুনাই দারুস সালামে বাংলাদেশের হাইকমিশনার, সামিনা নাজ নিউজিল্যান্ডে বাংলাদেশের হাইকমিশনার এবং নাহিদা রহমান সুমনা গ্রিসে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন।
সামিনা নাজ ও নওরীন আহসান বিসিএস পররাষ্ট্র ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা। নাহিদা রহমান সুমনা ১৭তম ব্যাচের কর্মকর্তা।
নিউজিল্যান্ডের ওয়েলিংটনে দায়িত্ব নেওয়ার আগে সামিনা নাজ ভিয়েতনাম ও মিশরে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। ওয়েলিংটনে তিনি দেশটিতে বাংলাদেশের প্রথম আবাসিক হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে ২০১৩ সালে ভারতের মুম্বাইয়ে বাংলাদেশের প্রথম নারী ডেপুটি হাইকমিশনার হিসেবে দায়িত্ব নেন তিনি। এ ছাড়া হেগ, দিল্লি ও নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনেও বিভিন্ন দায়িত্ব পালন করেছেন।
নাহিদা রহমান সুমনা গ্রিসের এথেন্সে দায়িত্ব নেওয়ার আগে চার বছর ব্রুনাই দারুস সালামে বাংলাদেশের হাইকমিশনার ছিলেন। তাঁর কূটনৈতিক কর্মজীবনে ব্রাসিলিয়া, অটোয়া, কলকাতা ও ক্যানবেরার বাংলাদেশ মিশনে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে।
১৯৯৫ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন নওরীন আহসান। দীর্ঘ কূটনৈতিক কর্মজীবনে তিনি প্রিটোরিয়া, হেগ ও অটোয়ায় বাংলাদেশের মিশনে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন।![]()