সঞ্চয়পত্রের মুনাফা ও আসল টাকা পরিশোধে ভুল ব্যাংক হিসাবের কারণে তৈরি জটিলতা কমাতে আজ মঙ্গলবার থেকে স্বয়ংক্রিয় অ্যাকাউন্ট ভেরিফিকেশন সিস্টেম বা এভিএস চালু করছে সরকার। জাতীয় সঞ্চয় স্কিম অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেমের আওতায় নতুন এই ব্যবস্থা চালু করা হচ্ছে।
নতুন ব্যবস্থায় সঞ্চয়পত্র বা বন্ড কেনার সময় বিনিয়োগকারীর দেওয়া ব্যাংক হিসাব যাচাই করা হবে। ফলে ভুল হিসাব নম্বরের কারণে অর্থ স্থানান্তর ব্যর্থ হওয়া কিংবা ভুল হিসাবে টাকা চলে যাওয়ার ঝুঁকি কমবে।
বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট তফশিলি ব্যাংকের সমন্বিত ব্যবস্থাপনায় এ ব্যবস্থা কার্যকর হবে। এর ফলে সঞ্চয়পত্রের অর্থ পরিশোধের পুরো প্রক্রিয়ায় ব্যাংক হিসাবের তথ্য যাচাই আরও দ্রুত ও নির্ভুলভাবে করা সম্ভব হবে।
বর্তমানে জাতীয় সঞ্চয় স্কিম অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে অধিকাংশ সঞ্চয় স্কিমের লেনদেন পরিচালিত হচ্ছে। নতুন এভিএস ব্যবস্থার সঙ্গে এই অনলাইন ব্যবস্থাকে যুক্ত করা হয়েছে।
সরকারের আর্থিক ব্যবস্থাপনা আধুনিকায়নের উদ্যোগের অংশ হিসেবে এ ব্যবস্থা চালু করা হচ্ছে। এর ফলে সঞ্চয়পত্রের অর্থ পরিশোধে ম্যানুয়াল যাচাইয়ের ওপর নির্ভরতা কমবে এবং বিনিয়োগকারীদের ভোগান্তিও কমার আশা করা হচ্ছে।
সঞ্চয়পত্রের মুনাফা বা আসল অর্থ পাওয়ার ক্ষেত্রে ব্যাংক হিসাবের তথ্যের ভুল নিয়ে বিভিন্ন সময়ে বিনিয়োগকারীদের সমস্যায় পড়তে হয়েছে। বিশেষ করে হিসাব নম্বর ভুল থাকলে অর্থ ফেরত যাওয়া বা পরিশোধে বিলম্বের মতো ঘটনা ঘটে। এভিএস চালুর ফলে লেনদেনের আগেই হিসাবের বৈধতা যাচাই করা সম্ভব হবে।
সরকারের ডিজিটাল আর্থিক ব্যবস্থাপনা সম্প্রসারণের ধারাবাহিকতায় নতুন এই ব্যবস্থা চালু করা হলো। সংশ্লিষ্টরা মনে করছেন, এতে সঞ্চয়পত্রের অর্থ পরিশোধ প্রক্রিয়ায় নিরাপত্তা ও স্বচ্ছতা বাড়বে।![]()