সব পেমেন্ট এখন এক কিউআরে: ক্যাশলেস বাংলাদেশের পথে বাংলা কিউআরের নতুন অধ্যায়
মঙ্গলবার রাত। রাজধানীর মালিবাগের একটি সুপারশপে নিত্যপ্রয়োজনীয় বাজার শেষ করে বিল কাউন্টারে দাঁড়িয়েছেন বেসরকারি চাকরিজীবী মাহিনুল ইসলাম। হাতে কোনো নগদ টাকা নেই। পকেট থেকে বের করলেন শুধু মোবাইল ফোন। কাউন্টারে থাকা একটি কিউআর কোড স্ক্যান করতেই কয়েক সেকেন্ডের মধ্যে পরিশোধ হয়ে গেল পুরো বিল। কোনো কার্ড লাগল না, নগদ টাকারও প্রয়োজন হলো না। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, তিনি কোন ব্যাংকের গ্রাহক বা কোন মোবাইল আর্থিক সেবার অ্যাপ ব্যবহার করছেন—সেটিও আর বিবেচ্য নয়। একটি অভিন্ন কিউআর কোডই সব কাজ করে দিচ্ছে।
মাহিনুল ইসলামের মতো অভিজ্ঞতা এখন ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন প্রান্তে। মুদি দোকান, সুপারশপ, রেস্তোরাঁ, ফার্মেসি, শপিংমল থেকে শুরু করে ছোট ব্যবসাপ্রতিষ্ঠান—সবখানেই চালু হচ্ছে ‘বাংলা কিউআর’। এর মাধ্যমে বাংলাদেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় শুরু হয়েছে নতুন এক যুগ। বহুদিন ধরে যে সমস্যার মুখোমুখি ছিলেন ব্যবসায়ী ও গ্রাহক, সেই জটিলতার অবসান ঘটাতে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে চালু হয়েছে এই অভিন্ন কিউআর প্ল্যাটফর্ম।
চলতি মাস থেকে বাংলা কিউআরকে বাধ্যতামূলক ও সর্বজনীন করার সিদ্ধান্ত কার্যকর হয়েছে। ফলে দেশের সব অংশগ্রহণকারী ব্যাংক, মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান (এমএফএস) এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডারের (পিএসপি) গ্রাহকরা একই কিউআর কোড ব্যবহার করে অর্থ পরিশোধ করতে পারছেন। এর আগে একজন ব্যবসায়ীকে বিভিন্ন ব্যাংক ও এমএফএসের জন্য আলাদা আলাদা কিউআর কোড ঝুলিয়ে রাখতে হতো। আবার গ্রাহককেও খুঁজে দেখতে হতো, তার ব্যবহৃত ব্যাংক বা এমএফএসের কিউআর সংশ্লিষ্ট দোকানে আছে কি না। এখন সেই ঝামেলার অবসান হয়েছে। একটি কিউআর কোডই সবার জন্য যথেষ্ট।
বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগের মূল লক্ষ্য নগদ অর্থের ব্যবহার কমিয়ে একটি আধুনিক, স্বচ্ছ, নিরাপদ ও সাশ্রয়ী ডিজিটাল অর্থনীতি গড়ে তোলা। কেন্দ্রীয় ব্যাংকের পরিকল্পনা শুধু বাণিজ্যিক লেনদেনেই সীমাবদ্ধ নয়। ভবিষ্যতে সরকারি বিভিন্ন ফি, কর, ইউটিলিটি বিল ও অন্যান্য সরকারি সেবার অর্থ পরিশোধেও বাংলা কিউআর ব্যবহারের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ইন্টারনেট সংযোগ ছাড়াই যাতে কিউআরভিত্তিক লেনদেন করা যায়, সে প্রযুক্তি নিয়েও কাজ চলছে।
অর্থনীতিবিদদের মতে, ক্যাশলেস অর্থনীতি গড়ে তোলার পথে এটি বাংলাদেশের অন্যতম বড় পদক্ষেপ। নগদ অর্থ ব্যবহারের পরিমাণ কমলে শুধু মানুষের ভোগান্তিই কমবে না, রাষ্ট্রেরও বিপুল ব্যয় সাশ্রয় হবে। প্রতি বছর বিপুল পরিমাণ অর্থ ব্যয় হয় নোট ছাপানো, পরিবহন, নিরাপত্তা, সংরক্ষণ ও ব্যবস্থাপনায়। ডিজিটাল লেনদেন বাড়লে এসব ব্যয় ধীরে ধীরে কমে আসবে। একই সঙ্গে অনানুষ্ঠানিক অর্থনৈতিক কর্মকাণ্ডও ধীরে ধীরে আনুষ্ঠানিক ব্যবস্থার আওতায় আসবে, যা সরকারের রাজস্ব আয় বৃদ্ধি এবং আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে সহায়ক হবে।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) মহাপরিচালক ড. এজাজুল ইসলাম বলেন, বাংলা কিউআর দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় একটি বড় অগ্রগতি। এর মাধ্যমে নগদের ব্যবহার কমবে এবং বাংলাদেশ ধীরে ধীরে ক্যাশলেস অর্থনীতির দিকে এগিয়ে যাবে। তবে তিনি মনে করেন, উদ্যোগটির সফল বাস্তবায়নের জন্য স্মার্টফোনের সহজলভ্যতা, নির্ভরযোগ্য প্রযুক্তিগত অবকাঠামো এবং ব্যাংকগুলোর মধ্যে কার্যকর আন্তঃসংযোগ নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে সব আর্থিক প্রতিষ্ঠানের প্রযুক্তিগত সক্ষমতাও বাড়াতে হবে।
ইসলামী ব্যাংক বাংলাদেশের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আলতাফ হুসাইন বলেন, বাংলা কিউআর দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে আরও সহজ, আন্তঃপরিচালনযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক করেছে। এর ফলে বিভিন্ন ব্যাংক ও এমএফএসের গ্রাহকরা নির্বিঘ্নে লেনদেন করতে পারছেন। এতে নগদের ওপর নির্ভরতা কমবে এবং ডিজিটাল অর্থনীতি আরও শক্তিশালী হবে। তিনি মনে করেন, সরকারের স্মার্ট বাংলাদেশ ও ক্যাশলেস অর্থনীতি বাস্তবায়নেও এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বাংলা কিউআরের সবচেয়ে বড় সুবিধা হলো, এটি একই সঙ্গে গ্রাহক, ব্যবসায়ী এবং আর্থিক প্রতিষ্ঠানের জন্য সমানভাবে লাভজনক। একজন ব্যবসায়ীকে এখন আর বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য একাধিক কিউআর কোড রাখতে হচ্ছে না। একটি কিউআরের মাধ্যমেই তিনি দেশের যেকোনো অংশগ্রহণকারী ব্যাংক বা এমএফএস থেকে অর্থ গ্রহণ করতে পারছেন। এতে দোকানের কাউন্টারও পরিচ্ছন্ন থাকছে, পরিচালনাও সহজ হচ্ছে।
অন্যদিকে গ্রাহকদের জন্যও এটি সময় ও ঝামেলা কমিয়েছে। নির্দিষ্ট কোনো অ্যাপ বা ব্যাংকের কিউআর খুঁজতে হচ্ছে না। একটি কিউআর স্ক্যান করেই বিল পরিশোধ সম্ভব। ফলে অতিরিক্ত নগদ বহনের ঝুঁকি, ভাঙতি টাকার সমস্যা এবং ভুল লেনদেনের সম্ভাবনাও কমে এসেছে। প্রতিটি লেনদেনের ডিজিটাল রেকর্ড তৈরি হওয়ায় ব্যক্তিগত আর্থিক হিসাবও সহজ হচ্ছে।
ব্যাংকগুলোর জন্যও এই উদ্যোগ নতুন সম্ভাবনা তৈরি করেছে। আগে কোনো ব্যাংক মূলত নিজেদের গ্রাহকদের মধ্যেই সীমাবদ্ধ ছিল। এখন একটি জাতীয় অভিন্ন পেমেন্ট নেটওয়ার্কের মাধ্যমে তারা আরও বিস্তৃত গ্রাহক ও মার্চেন্টের সঙ্গে যুক্ত হতে পারছে। এতে ডিজিটাল লেনদেন বৃদ্ধি, নতুন মার্চেন্ট সম্পর্ক, তথ্যভিত্তিক আর্থিক সেবা এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ভবিষ্যতে ঋণ প্রদানের সুযোগও বাড়ছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ইতোমধ্যে সারাদেশে ২০ লাখের বেশি সক্রিয় মার্চেন্ট পয়েন্টে বাংলা কিউআর স্থাপন করা হয়েছে। এর মধ্যে শীর্ষ ১০টি প্রতিষ্ঠানই প্রায় ১৯ লাখ মার্চেন্ট পয়েন্টে এই সেবা চালু করেছে। এককভাবে সর্বোচ্চ ৮ লাখ মার্চেন্ট পয়েন্টে বাংলা কিউআর স্থাপন করেছে বিকাশ। দ্বিতীয় অবস্থানে রয়েছে ডাচ্-বাংলা ব্যাংক, যার মার্চেন্ট সংখ্যা ২ লাখ ১০ হাজার। এরপর রয়েছে পূবালী ব্যাংক, যার কিউআর রয়েছে ২ লাখ ৬ হাজার মার্চেন্ট পয়েন্টে। এছাড়া টালিপ, সেবা ফিনটেক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ, সোনালী ব্যাংক, ডিজি ই-পে সার্ভিস এবং সিটি ব্যাংকও উল্লেখযোগ্যসংখ্যক মার্চেন্ট নেটওয়ার্ক তৈরি করেছে।
বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ বলেন, বাংলা কিউআর দেশের আর্থিক অন্তর্ভুক্তির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। এর ফলে ব্যাংক, এমএফএস ও পিএসপির গ্রাহকেরা একটি মাত্র কিউআর স্ক্যান করেই সহজে ক্যাশবিহীন লেনদেন করতে পারবেন। তিনি বলেন, এতে ব্যবসায়ীদের হিসাব-নিকাশ আরও সহজ হবে এবং প্রতিটি লেনদেনের ডিজিটাল তথ্য ভবিষ্যতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণসহ বিভিন্ন আর্থিক সেবা পাওয়ার পথও সহজ করবে।
বাংলা কিউআরের ব্যবহার যেমন বাড়ছে, তেমনি দ্রুত বাড়ছে লেনদেনের পরিমাণও। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বাধ্যতামূলক করার পর প্রতিদিন গড়ে ৩৫ থেকে ৪০ হাজার লেনদেন হচ্ছে। দৈনিক লেনদেনের আর্থিক পরিমাণ দাঁড়িয়েছে ১০ থেকে ১৫ কোটি টাকা। কেন্দ্রীয় ব্যাংক মনে করছে, মার্চেন্ট সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে এই পরিমাণ আরও দ্রুত বৃদ্ধি পাবে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, বাংলা কিউআর চালুর পর ব্যবহার ও লেনদেন আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে ব্যাংক, এমএফএস, গণমাধ্যম এবং সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে এর ব্যবহার আরও বাড়াতে হবে।
বিশ্বের অনেক দেশ ইতোমধ্যে অভিন্ন কিউআরভিত্তিক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। ভারতে ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) এবং চীনে আলিপে ও উইচ্যাট পে-ভিত্তিক কিউআর ব্যবস্থা মানুষের দৈনন্দিন লেনদেনের ধরনই বদলে দিয়েছে। নগদের ব্যবহার উল্লেখযোগ্যভাবে কমেছে এবং ডিজিটাল অর্থনীতি আরও গতিশীল হয়েছে। সেই অভিজ্ঞতা থেকেই বাংলাদেশও একই পথে এগোচ্ছে।
আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. রাফাত উল্লা খান বলেন, বাংলা কিউআরের প্রভাব শুধু পেমেন্ট ব্যবস্থার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। ডিজিটাল লেনদেন বাড়লে ব্যবসা আরও সুশৃঙ্খল হবে, আর্থিক স্বচ্ছতা বৃদ্ধি পাবে এবং ক্ষুদ্র উদ্যোক্তারাও ধীরে ধীরে আনুষ্ঠানিক আর্থিক ব্যবস্থার সঙ্গে যুক্ত হবেন। তার মতে, প্রতিটি ডিজিটাল লেনদেন ভবিষ্যতের জন্য একটি তথ্যভিত্তিক আর্থিক পরিচয় তৈরি করে, যা ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণ ও অন্যান্য আর্থিক সুবিধা পেতে সহায়তা করবে।
তবে এই যাত্রা পুরোপুরি চ্যালেঞ্জমুক্ত নয়। বিশেষজ্ঞরা বলছেন, বাংলা কিউআরের প্রকৃত সাফল্য নির্ভর করবে ক্ষুদ্র ব্যবসায়ী, গ্রামীণ দোকানদার, নারী উদ্যোক্তা এবং অনানুষ্ঠানিক খাতের অংশগ্রহণের ওপর। এজন্য সহজ মার্চেন্ট নিবন্ধন, নিরবচ্ছিন্ন ইন্টারনেট, শক্তিশালী সাইবার নিরাপত্তা, ডিজিটাল আর্থিক সাক্ষরতা এবং জনসচেতনতা বৃদ্ধির বিকল্প নেই। একই সঙ্গে ব্যাংকগুলোকেও শুধু কিউআর বিতরণের প্রতিযোগিতা নয়, বরং উন্নত প্রযুক্তি ও গ্রাহকসেবার প্রতিযোগিতায় এগিয়ে যেতে হবে।
রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম বলেন, বাংলা কিউআরের সফল বাস্তবায়নের জন্য বাংলাদেশ ব্যাংক, ব্যাংক, এমএফএস, পিএসপি এবং সরকারের মধ্যে শক্তিশালী সমন্বয় অপরিহার্য। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, পরিবহন, ইউটিলিটি বিল ও সরকারি সেবায় এই প্ল্যাটফর্মের ব্যবহার সম্প্রসারণের ওপরও তিনি গুরুত্ব দেন।
ব্যাংক এশিয়ার সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. আরফান আলী বলেন, ক্যাশলেস লেনদেনের উদ্যোগটি সময়োপযোগী হলেও প্রত্যন্ত অঞ্চলে এখনও ইন্টারনেট সুবিধা ও ডিজিটাল সচেতনতার ঘাটতি রয়েছে। তাই প্রযুক্তিগত অবকাঠামো উন্নয়নের পাশাপাশি জনগণের মধ্যে আস্থা ও সচেতনতা তৈরি করাও সমান গুরুত্বপূর্ণ।
বাংলাদেশের ডিজিটাল আর্থিক ব্যবস্থার বিবর্তনে বাংলা কিউআর নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এটি শুধু একটি প্রযুক্তি নয়; বরং একটি জাতীয় পেমেন্ট অবকাঠামো, যা দেশের সব ব্যাংক, এমএফএস, পিএসপি, ব্যবসায়ী ও গ্রাহককে একই প্ল্যাটফর্মে যুক্ত করেছে। সামনে যদি প্রযুক্তিগত সক্ষমতা, নীতিগত সহায়তা এবং জনসচেতনতার সমন্বিত অগ্রগতি নিশ্চিত করা যায়, তবে খুব বেশি সময় লাগবে না—একটি কিউআর স্ক্যানই হয়ে উঠবে বাংলাদেশের প্রতিদিনের আর্থিক লেনদেনের সবচেয়ে স্বাভাবিক অভ্যাস। তখন ক্যাশলেস বাংলাদেশ আর শুধু একটি পরিকল্পনা থাকবে না; সেটি হবে বাস্তবতার অংশ।