সৌদি আরবে অনুষ্ঠিত সৌদি ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপোতে বাংলাদেশের ১১টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। জেদ্দা আন্তর্জাতিক প্রদর্শনী ও সম্মেলন কেন্দ্রে ২৪ সেপ্টেম্বর শুরু হওয়া চার দিনের এই আন্তর্জাতিক বাণিজ্য মেলা চলবে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর আর্থিক সহায়তা এবং বাণিজ্য মন্ত্রণালয় ও জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের সহযোগিতায় মেলায় বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে। জেদ্দা চেম্বার অব কমার্সের ভাইস চেয়ারম্যান ইমাদ মোহাম্মদ আল-আবুদ মেলার উদ্বোধন করেন। পরে বাংলাদেশি প্যাভিলিয়নের উদ্বোধন করেন জেদ্দায় বাংলাদেশের কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেন এবং সৌদি ফেডারেশন অব চেম্বার্সের প্রতিনিধি ওসামা কুকানাদি।
মেলায় ২৫টির বেশি দেশের প্রায় ১০ হাজার বাণিজ্যিক দর্শনার্থী ও ক্রেতা অংশ নিচ্ছেন। ৫৫০টির বেশি স্টলে পোশাক, ফ্যাশন ও টেক্সটাইল খাতের বিভিন্ন পণ্য প্রদর্শন করা হচ্ছে।
বাংলাদেশের অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে জাকারিয়া নিটওয়্যার, আলেয়া অ্যাপারেলস, এএইচকিউ অ্যাপারেলস, মডেস্ট অ্যাটায়ার বাই জাহান, ইটন ফ্যাশনস, স্বপ্নিল হাউস, বনুম গার্মেন্টস, বেল বটম, মার্কার, সওদা ফ্যাশন ও আল নূর গার্মেন্টস।
বাংলাদেশের প্যাভিলিয়নে তৈরি পোশাক ও অন্যান্য রপ্তানিযোগ্য পণ্যের পাশাপাশি দেশের উৎপাদন সক্ষমতা ও ঐতিহ্য তুলে ধরা হচ্ছে। বিভিন্ন তথ্যচিত্র ও প্রদর্শনীর মাধ্যমে আন্তর্জাতিক ক্রেতাদের কাছে বাংলাদেশি পণ্যের মান ও সক্ষমতা তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট শিল্প উদ্যোক্তারা মনে করছেন, সৌদি আরব ও বৃহত্তর মধ্যপ্রাচ্যের বাজারে বাংলাদেশি তৈরি পোশাক ও টেক্সটাইল পণ্যের উপস্থিতি বাড়ানোর ক্ষেত্রে এ ধরনের আন্তর্জাতিক মেলা গুরুত্বপূর্ণ। নতুন ক্রেতার সঙ্গে যোগাযোগ এবং দীর্ঘমেয়াদি ব্যবসায়িক সম্পর্ক তৈরির সুযোগও তৈরি হচ্ছে।
বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি দীর্ঘদিন ধরে ইউরোপ ও উত্তর আমেরিকার বাজারনির্ভর। ফলে মধ্যপ্রাচ্যের বড় বাজারগুলোতে অংশগ্রহণ বাড়ানো রপ্তানি বাজার বহুমুখীকরণের একটি গুরুত্বপূর্ণ কৌশল। জেদ্দার এই মেলায় অংশগ্রহণ সেই প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে।![]()