সিএমএসএমই খাতে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের অর্থায়ন বাড়াতে বাংলাদেশ ব্যাংকের ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলে যুক্ত হয়েছে আইএফআইসি ব্যাংক। এ লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ও আইএফআইসি ব্যাংকের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে।
মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের পরিচালক মো. জবদুল ইসলাম এবং আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. আনিছুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক নাহিদ রহমান, অতিরিক্ত পরিচালক শাহানাজ পারভীন, আইএফআইসি ব্যাংকের চিফ অব ব্রাঞ্চ বিজনেস হেলাল আহমেদ এবং হেড অব এসএমই ফারিয়া হায়দার।
বাংলাদেশ ব্যাংক ঘোষিত ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজের আওতায় সিএমএসএমই খাতে প্রয়োজনীয় চলতি মূলধন ঋণ বা বিনিয়োগ সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে। উৎপাদন, সেবা ও ব্যবসা কার্যক্রম পূর্ণ সক্ষমতায় পরিচালনার পাশাপাশি প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান বাড়ানো এ কর্মসূচির অন্যতম লক্ষ্য। অর্থনীতির গতি বাড়াতে সিএমএসএমই খাতে তারল্যপ্রবাহ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
পুনঃঅর্থায়ন তহবিলের আওতায় সাধারণভাবে সচল সিএমএসএমই প্রতিষ্ঠানগুলো অর্থায়ন সুবিধা পাবে। প্রয়োজনীয় চলতি মূলধনের অভাবে যেসব প্রতিষ্ঠান তাদের উৎপাদন, সেবা বা ব্যবসায়িক কার্যক্রম পূর্ণ সক্ষমতায় পরিচালনা করতে পারছে না, তারা ৯ শতাংশ সুদে অর্থায়নের সুযোগ পাবে।
আইএফআইসি ব্যাংকের দেশব্যাপী বিস্তৃত শাখা ও উপশাখা নেটওয়ার্ক রয়েছে। বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন তহবিলে অংশগ্রহণের ফলে এই নেটওয়ার্ক ব্যবহার করে দেশের বিভিন্ন অঞ্চলের সিএমএসএমই উদ্যোক্তাদের কাছে অর্থায়ন সুবিধা আরও বিস্তৃতভাবে পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন। এতে চলতি মূলধনের সংকটে থাকা সচল প্রতিষ্ঠানগুলো ব্যবসা সম্প্রসারণ ও কার্যক্রম স্বাভাবিক রাখতে অতিরিক্ত অর্থায়নের সুযোগ পাবে।![]()