মাকে হারালেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। তাঁর মা মরিয়ম বেগম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর মগবাজারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।
![]()
চলচ্চিত্র পরিচালক বদিউল আলম খোকন গণমাধ্যমকে মরিয়ম বেগমের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
জানা গেছে, দীর্ঘদিন ধরে কিডনি রোগ ও বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন মরিয়ম বেগম। গত ১৪ অক্টোবর দিবাগত রাত পৌনে ২টার দিকে রাজধানীর গুলশানের নিকেতনে নিজের বাসায় স্ট্রোক করলে তাঁকে দ্রুত মগবাজারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়ার প্রস্তুতি চলছিল। এর মধ্যেই না ফেরার দেশে চলে যান তিনি।
মরিয়ম বেগমের জানাজা ও দাফনের বিষয়ে বদিউল আলম খোকন জানান, ঢাকায় তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মরদেহ নিয়ে স্বজনেরা খুলনায় পপির গ্রামের বাড়িতে যাবেন। সেখানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী পপি বেশ কয়েক বছর ধরে লোকচক্ষুর অন্তরালে রয়েছেন। মডেলিংয়ের মাধ্যমে তাঁর কর্মজীবন শুরু। লাক্স আনন্দ বিচিত্রার সুন্দরী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে পরিচিতি পান তিনি।
![]()
১৯৯৭ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘আমার ঘর আমার বেহেশত’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় পা রাখেন পপি। তবে তাঁর প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘কুলি’। মনতাজুর রহমান আকবর পরিচালিত এ ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করেন ওমর সানি।
মায়ের মৃত্যুতে এখনো কোনো মন্তব্য করেননি পপি।
![]()