রাজধানী ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলা ও ফরাসি অপেরার এক অনন্য সম্মিলিত পরিবেশনা। ‘দ্য আর্টিস্ট ক্লাব লিমিটেড’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ১১ নভেম্বর থেকে শুরু হচ্ছে ১১ দিনব্যাপী এক বর্ণাঢ্য সাংস্কৃতিক উৎসব, যা চলবে ২১ নভেম্বর পর্যন্ত। এই আয়োজনে অপেরার পাশাপাশি থাকছে দেশের ঐতিহ্যবাহী লোকজ গান, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর পরিবেশনা এবং তরুণ চিত্রশিল্পীদের জন্য বিশেষ প্রতিযোগিতা।
সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই উৎসবের বিস্তারিত কর্মসূচি ঘোষণা করা হয়। আয়োজকরা জানান, তরুণ প্রতিভার বিকাশ, দেশীয় সংস্কৃতির বৈচিত্র্য তুলে ধরা এবং আন্তর্জাতিক পর্যায়ে সাংস্কৃতিক বিনিময় জোরদার করাই এই উৎসবের মূল উদ্দেশ্য।
সংবাদ সম্মেলনে উৎসবের সার্বিক পরিকল্পনা তুলে ধরেন প্রথম বর্ষপূর্তি উদ্যাপন কমিটির প্রধান সমন্বয়ক অধ্যাপক ড. এ এইচ এম মুস্তাফিজুর রহমান। তিনি জানান, তরুণ শিল্পীদের জন্য একটি শক্ত প্ল্যাটফর্ম তৈরির লক্ষ্য নিয়েই দ্য আর্টিস্ট ক্লাবের যাত্রা শুরু হয়। ২০২৫ সালে নিবন্ধিত এই সংগঠনটি এরই মধ্যে তাদের ‘শুক্রবার সংগীত সন্ধ্যা’ আয়োজনের দুই শতাধিক পর্ব সফলভাবে সম্পন্ন করেছে।
উৎসবের অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে ২০ থেকে ৩৫ বছর বয়সী উদীয়মান চিত্রশিল্পীদের জন্য ‘আতেলিয়ে অ্যাওয়ার্ড: আগামী দিনের তরুণ চিত্রশিল্পী’ শীর্ষক একটি দেশব্যাপী চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
এছাড়া ১১ থেকে ২০ নভেম্বর পর্যন্ত টানা দশ দিন চলবে লোকজ ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগীত উৎসব। সেখানে বাউল, ভাটিয়ালি, ভাওয়াইয়া, গম্ভীরা, লালনগীতি ও হাসন রাজার গানের পাশাপাশি চাকমা, মারমা, সাঁওতাল, মণিপুরি ও হাজং সম্প্রদায়ের শিল্পীরা নিজেদের ঐতিহ্যবাহী সংগীত পরিবেশন করবেন। নতুন প্রজন্মের কাছে লোকজ ঐতিহ্যকে আরও পরিচিত করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
উৎসবের সবচেয়ে আকর্ষণীয় সমাপনী পর্বটি অনুষ্ঠিত হবে ২১ নভেম্বর হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকার গ্র্যান্ড বলরুমে। এদিন ঢাকায় অবস্থিত ফরাসি দূতাবাসের বিশেষ পৃষ্ঠপোষকতায় ফরাসি অপেরাশিল্পী ভেরোনিক পেইন এবং পিয়ানোবাদক ফাব্রিস মেত্রের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে বাংলা ও ফরাসি অপেরার যুগলবন্দি। আয়োজকদের মতে, বাংলাদেশে এ ধরনের পরিবেশনা এটাই প্রথম।
সংবাদ সম্মেলনে ফরাসি দূতাবাসের সাংস্কৃতিক কর্মকর্তা ব্যাপ্টিস্ট লেব্রে উপস্থিত থেকে এই আয়োজনের প্রতি তাঁদের পূর্ণ সমর্থনের কথা জানান এবং বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরও সুদৃঢ় হওয়ার আশাবাদ ব্যক্ত করেন। দ্য আর্টিস্ট ক্লাবের সভাপতি ও বিশিষ্ট সংগীতশিল্পী সুজিত মোস্তফা এই আয়োজনে যুক্ত থাকার জন্য ফরাসি দূতাবাস, হোটেল ইন্টারকন্টিনেন্টাল এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কালচারাল ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান। তিনি তরুণ শিল্পীদের বিকাশে দেশের অন্যান্য প্রতিষ্ঠানকেও এগিয়ে আসার আহ্বান জানান।