বিএনপি গায়ের জোরে ক্ষমতায় রয়েছে, এভাবে বেশিদিন ক্ষমতায় থাকা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১১টায় গাইবান্ধা জেলা পরিষদ মিলনায়তনে এনসিপির আঞ্চলিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধার নেতাকর্মীদের নিয়ে সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা এবং স্থানীয় সরকার নির্বাচনকেন্দ্রিক পরিকল্পনা প্রণয়নে এ সভার আয়োজন করা হয়।
নাহিদ ইসলাম বলেন, ৫ আগস্টের পর গণঅভ্যুত্থানের আশা-আকাঙ্ক্ষা ও জুলাই সনদ বাস্তবায়নের পরিবর্তে বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছিল। এখন তারা গায়ের জোরে ক্ষমতায় থেকে বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়ন করছে। এভাবে জোর করে বেশিদিন ক্ষমতায় থাকা যায় না।
বিএনপির ঐক্যের আহ্বানের সমালোচনা করে তিনি বলেন, আওয়ামী লীগকে মোকাবিলা করতে না পেরে এখন বিএনপি ঐক্যের কথা বলছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে দলটি এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো ব্যবস্থা নেয়নি।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে এনসিপির অবস্থান তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, সারা দেশে দলটি একক প্রার্থী দেবে। জামায়াতে ইসলামীর সঙ্গে তাদের এজেন্ডাভিত্তিক জোট রয়েছে, তবে তা আদর্শিক জোট নয়।
এনসিপির নেত্রী সামান্তা শারমিনের পদত্যাগের বিষয়ে প্রশ্ন করা হলে নাহিদ ইসলাম বলেন, তিনি ব্যক্তিগত ও আদর্শিক জায়গা থেকে এ সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর জন্য শুভকামনা।
সভায় এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা. কামরুল ইসলাম দর্পনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।![]()