জায়দুল হক সোহেল, ইতালি
আসন্ন ছুটির মৌসুম সামনে রেখে ইতালিজুড়ে অবস্থানরত ও ভ্রমণরত মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের জরুরি নির্দেশনা দিয়েছে রোমস্থ মার্কিন দূতাবাস। গতকাল (২০ নভেম্বর) দূতাবাসের নিজস্ব ওয়েবসাইটে ‘সিকিউরিটি অ্যালার্ট: ইউএস অ্যাম্বাসি রোম, ইতালি’ শীর্ষক এক বিশেষ বিজ্ঞপ্তিতে এই সতর্কতা জারি করা হয়।
দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই নিরাপত্তা সতর্কতা সমগ্র ইতালির ক্ষেত্রে প্রযোজ্য। ছুটির মৌসুমে বড় ধরনের জনসমাগম এবং সরকারি বা সর্বসাধারণের অনুষ্ঠানগুলো সন্ত্রাসী গোষ্ঠী ও দুষ্কৃতকারীদের লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এতে আরও সতর্ক করে বলা হয়, একক হামলাকারীসহ (লোন অ্যাক্টর) সন্ত্রাসীরা কোনো ধরনের পূর্বসতর্কতা ছাড়াই বাজার, পরিবহন কেন্দ্র, শপিং মল, উপাসনালয় এবং জনপ্রিয় পর্যটন স্থানগুলোতে হামলা চালাতে পারে।
এদিকে, একই সময়ে (২০ ও ২১ নভেম্বর) ইতালিজুড়ে পরিবহন ধর্মঘট ও বিভিন্ন শহরে বিক্ষোভের কর্মসূচি থাকায় রেল, স্থানীয় গণপরিবহন, বিমান চলাচল ও ফেরি সেবায় বড় ধরনের অচলাবস্থা বা বিঘ্ন সৃষ্টি হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
মার্কিন নাগরিকদের প্রতি দূতাবাসের জরুরি নির্দেশনাসমূহ:
ছুটির উৎসব, জনাকীর্ণ পর্যটন এলাকা, বিক্ষোভ সমাবেশ এবং যেখানে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বেশি, সেসব স্থান এড়িয়ে চলতে বলা হয়েছে।
নিজের আশপাশের পরিবেশ সম্পর্কে সর্বদা সজাগ থাকতে, সাধারণ বেশভূষা বজায় রাখতে এবং জনসম্মুখে ব্যাগ বা মূল্যবান সামগ্রী নিরাপদে রাখতে পরামর্শ দেওয়া হয়েছে।
ভ্রমণ সূচিতে কোনো পরিবর্তন বা বিঘ্ন ঘটছে কি না, তা জানতে সরাসরি সংশ্লিষ্ট এয়ারলাইন বা পরিবহন সংস্থার সাথে যোগাযোগ রাখতে বলা হয়েছে। কোনো স্থান খালি করার নির্দেশ এলে বা ফ্লাইটের গতিপথ পরিবর্তন করা হলে স্থানীয় প্রশাসন কিংবা এয়ারলাইন কর্মীদের নির্দেশনা মেনে চলতে হবে।
এছাড়াও স্থানীয় সংবাদমাধ্যমের খবরে নিয়মিত নজর রাখতে, স্থানীয় প্রশাসনের নির্দেশ মেনে চলতে এবং সর্বশেষ নিরাপত্তা বার্তা পেতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের স্মার্ট ট্রাভেলার এনরোলমেন্ট প্রোগ্রাম (STEP)-এ নিবন্ধন করার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি দূতাবাস ও পররাষ্ট্র দপ্তরের অফিশিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল অনুসরণ করতে বলা হয়েছে।
যেকোনো জরুরি সহায়তার প্রয়োজনে ইতালির অভ্যন্তর থেকে রোমের মার্কিন দূতাবাসে 06-46741 (ইতালির বাইরে থেকে 011-39-06-46741) নম্বরে যোগাযোগ করা যাবে। এ ছাড়া ফ্লোরেন্স (+39 055-266-951), মিলান (+39 02-290-351), নেপলস (+39 081-583-8111), জেনোয়া (+39 010-584-492) এবং পালেরমো (+39 091 30 5857) কনস্যুলেট অফিসগুলোতেও নির্ধারিত ফোন ও ইমেইলের মাধ্যমে যোগাযোগের ব্যবস্থা রাখা হয়েছে।
![]()