২০১৭ সালে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর চালানো সামরিক অভিযানে গণহত্যার উদ্দেশ্য ছিল বলে সিদ্ধান্তে পৌঁছেছে জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। সাত বছর ধরে বিচারিক প্রক্রিয়া শেষে গতকাল বৃহস্পতিবার দেওয়া রায়ে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে রোহিঙ্গাদের নির্বিচারে হত্যা, যৌন সহিংসতা ও শিশুদের ওপর নৃশংসতার অভিযোগের পক্ষে যৌক্তিক ভিত্তি পাওয়ার কথা জানিয়েছে আদালত।
নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আদালতে রায় ঘোষণা করেন আইসিজের সভাপতি বিচারক ইয়াসাওয়া ইয়ুজি। তিনি বলেন, ২০১৭ সালে মিয়ানমারের সেনাবাহিনীর তথাকথিত ‘ক্লিয়ারেন্স অপারেশন’ চলাকালে প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা করা হয়। ব্যাপক যৌন সহিংসতা চালানো হয়। শিশুদের ওপরও চরম সহিংসতা করা হয়। প্রাণ বাঁচাতে বিপুলসংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাঁদের ওপর হামলা চালানো হয়।
বিচারক ইয়ুজি বলেন, আদালতে উপস্থাপিত প্রমাণগুলো সামগ্রিকভাবে পর্যালোচনা করে এ সিদ্ধান্তে পৌঁছানোর যৌক্তিক ভিত্তি পাওয়া গেছে যে, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী গণহত্যার উদ্দেশ্য নিয়ে এসব সহিংসতা চালিয়েছিল। ২০১৭ সালের অভিযানের সময় যে পরিস্থিতি তৈরি করা হয়েছিল, তা রোহিঙ্গাদের ওপর ব্যাপক সহিংসতা চালানোর সুযোগ তৈরি করে। একই সঙ্গে রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি অংশকে ধ্বংস করার অভিপ্রায়ও এতে প্রতিফলিত হয়েছে।
২০১৭ সালের আগস্টে বাংলাদেশের সীমান্তবর্তী রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে মিয়ানমারের সেনাবাহিনী। ওই অভিযানে হত্যা, নির্যাতন, ধর্ষণ ও বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। প্রাণ বাঁচাতে সাত লাখের বেশি রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হন। তাঁদের বড় একটি অংশ এখনো কক্সবাজারের বিভিন্ন শরণার্থীশিবিরে বসবাস করছেন। অন্য একটি অংশের আশ্রয় হয়েছে নোয়াখালীর ভাসানচরে।
রোহিঙ্গাদের ওপর চালানো এসব নৃশংসতার ঘটনায় আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া। ২০১৯ সালে দেশটি ১৯৪৮ সালের জাতিসংঘের জেনোসাইড সনদ লঙ্ঘনের অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে মামলাটি দায়ের করে। অভিযোগে বলা হয়, রোহিঙ্গা জনগোষ্ঠীকে ধ্বংস করার উদ্দেশ্যেই মিয়ানমারের নিরাপত্তা বাহিনী পরিকল্পিতভাবে সহিংসতা চালিয়েছে।
দীর্ঘ সাত বছর ধরে মামলাটির বিচারিক কার্যক্রম চলে। এরপর বৃহস্পতিবার আদালত এ রায় ঘোষণা করেন। রোহিঙ্গা নিপীড়নের ঘটনায় আন্তর্জাতিক বিচারিক প্রক্রিয়ায় এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।