মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ ও তার স্ত্রী প্রিসিলা চ্যান আয়ারল্যান্ডে ৪৪০ একর বা ১৭৮ হেক্টর জমির ওপর অবস্থিত ঐতিহাসিক ‘স্ট্র্যানক্যালি ক্যাসল’ কিনেছেন। পরিবার নিয়ে আয়ারল্যান্ড সফরের সময় থাকার জন্য সম্পত্তিটি ব্যবহার করবেন তারা।
কাউন্টি ওয়াটারফোর্ডের ব্ল্যাকওয়াটার উপত্যকায় অবস্থিত দুর্গটি সরাসরি এর মালিকের সঙ্গে চুক্তির মাধ্যমে কেনা হয়েছে। ফলে লেনদেনের প্রকৃত মূল্য প্রকাশ করা হয়নি। তবে আইরিশ টাইমসের হিসাবে, দুর্গ ও বিশাল জমিসহ সম্পত্তিটির মূল্য ২ থেকে ৩ কোটি ইউরো হতে পারে।![]()
জাকারবার্গের আয়ারল্যান্ডে নিয়মিত যাতায়াতের অন্যতম কারণ মেটার আন্তর্জাতিক কার্যক্রম। কোম্পানিটির আন্তর্জাতিক সদর দপ্তর ডাবলিনে অবস্থিত। প্রযুক্তি খাতের সূত্রের বরাতে জানা গেছে, এ কারণে জাকারবার্গকে প্রায়ই দেশটিতে সফর করতে হয়। মেটার এক মুখপাত্র জানিয়েছেন, জাকারবার্গ ও তার পরিবার ঐতিহাসিক সম্পত্তিটি নিয়ে বেশ উচ্ছ্বসিত এবং সেখানে সময় কাটানোর সুযোগের জন্য অপেক্ষা করছেন।
১৮৩০ সালে স্ট্র্যানক্যালি ক্যাসল নির্মাণ করা হয়। তৎকালীন কনজারভেটিভ পার্টির সাবেক সংসদ সদস্য জন কিলির জন্য দুর্গটি নির্মাণ করেছিলেন স্থপতি জেমস ও জর্জ রিচার্ড পেইন। সে সময়ের অভিজাত ও ধনী পরিবারের বড় বড় আবাসিক স্থাপনার আদলে নির্মিত হয় দুর্গটি।
দুর্গটির বিশালত্বের একটি ধারণা পাওয়া যায় এর অভ্যন্তরীণ বিন্যাস থেকে। ‘দ্য হাউজেস অব আয়ারল্যান্ড’ বইয়ের তথ্য অনুযায়ী, স্ট্র্যানক্যালি ক্যাসলের খাবার ঘর থেকে রান্নাঘরে হেঁটে যেতে প্রায় সাড়ে চার মিনিট সময় লাগে।
জাকারবার্গের আগে প্রায় ২৫ বছর স্ট্র্যানক্যালি ক্যাসলের মালিক ছিলেন লন্ডনভিত্তিক বিনিয়োগ প্রতিষ্ঠান আরএবি ক্যাপিটালের সহপ্রতিষ্ঠাতা মাইকেল অ্যালেন-বাকলি ও তার স্ত্রী জিয়ানকার্লা। চলতি শতকের শুরুর দিকে তারা সম্পত্তিটি কেনার পর ব্যাপক সংস্কার করেন।
সম্পত্তি বিক্রির পর এক বিবৃতিতে অ্যালেন-বাকলি দম্পতি জানান, স্ট্র্যানক্যালি ক্যাসল সংরক্ষণ ও সংস্কারের সুযোগ পেয়ে তারা আনন্দিত। নতুন মালিক জাকারবার্গ ও তার পরিবারও ঐতিহাসিক সম্পত্তিটির রক্ষণাবেক্ষণ ও উন্নয়নে বিনিয়োগ অব্যাহত রাখবেন বলে তারা আশা করছেন।
আয়ারল্যান্ডের ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণকারী সরকারি সংস্থা ন্যাশনাল বিল্ট হেরিটেজ সার্ভিসও স্ট্র্যানক্যালি ক্যাসলের স্থাপত্য বৈশিষ্ট্যের প্রশংসা করেছে। বেলেপাথর ও চুনাপাথরে নির্মিত দুর্গটিতে সূক্ষ্ম পাথরকাটা কাজ এবং উনিশ শতকের স্থাপত্যশৈলীর উল্লেখযোগ্য নিদর্শন রয়েছে।
ফলে জাকারবার্গের নতুন এই সম্পত্তি শুধু বিলাসবহুল পারিবারিক আবাসন নয়, আয়ারল্যান্ডের ঐতিহাসিক স্থাপত্যেরও একটি গুরুত্বপূর্ণ নিদর্শন। ৪৪০ একরের বিস্তৃত জমি ও প্রায় দুই শতাব্দী পুরোনো দুর্গ নিয়ে স্ট্র্যানক্যালি এখন বিশ্বের অন্যতম ধনী প্রযুক্তি উদ্যোক্তার ব্যক্তিগত সম্পত্তির তালিকায় যুক্ত হলো।![]()