বয়স বাড়ার পরও অণ্ডকোষ অপসারণ করলে আয়ু বাড়তে পারে—ইঁদুরের ওপর চালানো সাম্প্রতিক এক গবেষণায় এমনই চমকপ্রদ তথ্য উঠে এসেছে। বিজ্ঞানীদের দীর্ঘদিনের প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করে গবেষণাটি বলছে, জীবনের শুরুর দিকের তুলনায় প্রাপ্তবয়স্ক বয়সে এই অস্ত্রোপচার করা হলে আয়ু বৃদ্ধির হার আরও বেশি হতে পারে। বিজ্ঞান সাময়িকী ‘সায়েন্স’-এর এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করা হয়েছে।
গবেষণায় দেখা গেছে, প্রাপ্তবয়স্ক পুরুষ ইঁদুরের অণ্ডকোষ অপসারণের পর তাদের আয়ু প্রায় ৩৩ শতাংশ পর্যন্ত বেড়েছে। এর আগে বিজ্ঞানীদের ধারণা ছিল, দীর্ঘায়ুর এমন সুফল পেতে হলে বয়ঃসন্ধির আগেই অস্ত্রোপচার করতে হবে। তবে নতুন এই ফলাফল সেই ধারণাকে বদলে দিয়েছে। গবেষকেরা আশা করছেন, এর পেছনের জৈবিক কারণ পুরোপুরি উদঘাটন করা গেলে ভবিষ্যতে কোনো অস্ত্রোপচার ছাড়াই দীর্ঘায়ু বাড়ানোর আধুনিক চিকিৎসা পদ্ধতি উদ্ভাবন করা সম্ভব হবে।
মানুষসহ অধিকাংশ স্তন্যপায়ী প্রাণীর ক্ষেত্রেই পুরুষের তুলনায় নারীদের গড় আয়ু বেশি। উদাহরণস্বরূপ, যুক্তরাষ্ট্রে পুরুষ ও নারীর গড় আয়ুর ব্যবধান প্রায় ছয় বছর। ক্যানসার ও হৃদরোগের মতো বয়সজনিত রোগেও পুরুষদের ঝুঁকি তুলনামূলক বেশি। নারীদের এই দীর্ঘায়ুর সুনির্দিষ্ট কারণ এখনো পুরোপুরি স্পষ্ট না হলেও ১৯৬৯ সালের একটি গবেষণা এবং ২০২৫ সালে ২২টি মেরুদণ্ডী প্রাণীর ওপর চালানো বিশ্লেষণে অণ্ডকোষ অপসারণের সঙ্গে দীর্ঘায়ুর সম্পর্কের ইঙ্গিত পাওয়া গিয়েছিল।
এই রহস্য ভেদ করতে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাস হেলথ সায়েন্স সেন্টার অ্যাট স্যান অ্যান্টোনিওর বার্ধক্যবিষয়ক গবেষক জেমস নেলসন, তাঁর শিক্ষার্থী লরেন্স মেইয়েন্স ও তাঁদের সহকর্মীরা নতুন এই গবেষণা পরিচালনা করেন। তাঁরা একই বংশধারার পুরুষ ইঁদুরের অণ্ডকোষ তিনটি ভিন্ন বয়সে অপসারণ করেন—বয়ঃসন্ধির আগে, বয়ঃসন্ধির পরপরই এবং ২৪০ দিন বয়সে (যা মানুষের হিসাবে প্রায় ৩০ বছরের সমান)।
ফলাফলে দেখা যায়, অস্ত্রোপচার না করা ইঁদুরের তুলনায় তিনটি দলের ইঁদুরই বেশি দিন বেঁচেছে। তবে বয়ঃসন্ধির আগে অস্ত্রোপচার করা ইঁদুরের আয়ু ১৯ শতাংশ এবং বয়ঃসন্ধির পর করা ইঁদুরের আয়ু ২৬ শতাংশ বাড়লেও, প্রাপ্তবয়স্ক বয়সে অস্ত্রোপচার করা ইঁদুরের আয়ু বেড়েছে সর্বোচ্চ ৩৩ শতাংশ।
গবেষক স্টিভ অস্টাড জানান, প্রাপ্তবয়স্ক বয়সে অস্ত্রোপচারের পরপরই ইঁদুরগুলো এর সুফল পেতে শুরু করে। এমনকি অস্ত্রোপচারের পর এক বছরেরও বেশি সময় ধরে ওই দলের কোনো ইঁদুর মারা যায়নি, অথচ ওই বয়সে সাধারণত ইঁদুরের মৃত্যুহার বাড়তে থাকে।
তবে অণ্ডকোষ অপসারণের পর আয়ু কেন বাড়ল, তা এখনো বিজ্ঞানীদের কাছে রহস্য। কারণ অস্ত্রোপচারের পর ইঁদুরগুলোর শারীরিক সক্ষমতা বাড়ার কোনো প্রমাণ মেলেনি; বরং বয়স বাড়ার অন্যান্য লক্ষণ ও হাতের শক্তি কমে যাওয়া স্বাভাবিক গতিতেই চলেছে। পুরুষের শরীরের ৯০ শতাংশের বেশি টেস্টোস্টেরন অণ্ডকোষ থেকে উৎপন্ন হলেও, কেবল এই হরমোনকেই এর জন্য দায়ী করতে এখনই রাজি নন গবেষকেরা।
বিজ্ঞানীরা স্পষ্টভাবে সতর্ক করে দিয়েছেন যে, গবেষণাটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। ইঁদুরের ওপর পাওয়া এই ফলাফল এখনই মানুষের ক্ষেত্রে প্রয়োগ করার মতো অবস্থায় পৌঁছায়নি। তবে ভবিষ্যতে অস্ত্রোপচার ছাড়াই ওষুধের মাধ্যমে দীর্ঘায়ু পাওয়ার নতুন দুয়ার এই গবেষণা খুলে দিতে পারে বলে মনে করছেন তাঁরা।