বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সদস্য হলেন অধ্যাপক ড. শাহ এমরান
ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মো. শাহ এমরান বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের (বিএসি) পূর্ণকালীন সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ তাঁকে চার বছরের জন্য এ দায়িত্ব দিয়েছে।
আইইউবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উচ্চশিক্ষার মানোন্নয়ন ও গুণগত নিশ্চয়তা নিশ্চিত করতে গঠিত বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলে ড. শাহ এমরানের নিয়োগ দেশের উচ্চশিক্ষা খাতের জন্য একটি গুরুত্বপূর্ণ সংযোজন।
ড. শাহ এমরান এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ও বিভাগীয় চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর জাপানের ইয়ামানাশি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সম্পন্ন করেন।
১৯৯৬ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগে প্রভাষক হিসেবে শিক্ষকতা জীবন শুরু করেন তিনি। দীর্ঘ কর্মজীবনে ওষুধবিজ্ঞান ও ফার্মাসিউটিক্যাল গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। দেশি-বিদেশি পিয়ার-রিভিউড জার্নালে তাঁর ১৭৫টির বেশি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।