প্রবাসী বাংলাদেশিদের কর্মব্যস্ততার কথা বিবেচনা করে ইতালির রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাস শনি ও রোববার বিশেষ কনস্যুলার সেবা কার্যক্রম পরিচালনা করেছে। এ উদ্যোগে পাসপোর্টসহ বিভিন্ন কনস্যুলার সেবা গ্রহণের সুযোগ পান প্রবাসীরা।
বিশেষ সেবা নিতে ইতালির বিভিন্ন অঞ্চল থেকে পরিবার-পরিজন নিয়ে রোমে আসেন অনেক বাংলাদেশি। কর্মদিবসে চাকরি বা ব্যবসার কারণে দূতাবাসে যেতে না পারায় ছুটির দিনের এ আয়োজন তাদের জন্য বেশ সহায়ক হয়েছে বলে জানান সেবাগ্রহীতারা।
সেবা শেষে প্রবাসীরা দূতাবাসের উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও নিয়মিতভাবে ছুটির দিনে এ ধরনের বিশেষ ক্যাম্পেইন চালুর আহ্বান জানান।
বাংলাদেশের রাষ্ট্রদূত এ টি এম রাকিবুল হক বলেন, প্রবাসীদের কর্মঘণ্টা নষ্ট না করেই প্রয়োজনীয় কনস্যুলার সেবা নিশ্চিত করার লক্ষ্যেই ছুটির দিনের এ কার্যক্রম চালু করা হয়েছে।
এ সময় রাষ্ট্রদূত সেবাগ্রহীতাদের সঙ্গে মতবিনিময় করেন, তাদের খোঁজখবর নেন এবং দূতাবাসের সেবার মান নিয়ে প্রবাসীদের মতামতও শোনেন।![]()