ইরানের সঙ্গে চলমান সংঘাতের পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনার জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে উপসাগরীয় দেশগুলোর নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংশ্লিষ্ট তিনটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে অ্যাক্সিওস।
বৈঠকে মূলত ইরান যুদ্ধ-পরবর্তী যুক্তরাষ্ট্রের কৌশল নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। ট্রাম্প প্রশাসন একটি বিস্তৃত ‘পরবর্তী দিনের কৌশল’ তৈরির কাজ করছে, যা আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর চূড়ান্ত রূপ পেতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
উপসাগরীয় সহযোগিতা পরিষদের সদস্য সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত ও ওমানের রাষ্ট্রপ্রধান অথবা পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে অংশ নিতে পারেন। বৈঠকের পরিসর বাড়িয়ে অন্যান্য আরব ও মুসলিম দেশের নেতাদেরও যুক্ত করার সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে বুধবার থেকেই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর প্রাথমিক আমন্ত্রণ পাঠানো শুরু করেছে।
এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিউইয়র্কে ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে আগ্রহী হলেও এখন পর্যন্ত দুই নেতার বৈঠকের কোনো সময়সূচি নির্ধারিত হয়নি বলে অ্যাক্সিওসের প্রতিবেদনে জানানো হয়েছে।![]()