এম এ কাশেম
চেয়ারম্যান
সাউথইস্ট ব্যাংক পিএলসি
রাজু আলীম
বাংলাদেশের অর্থনীতি বর্তমানে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বৈদেশিক মুদ্রাবাজারের স্থিতিশীলতা, বিনিয়োগে গতি ফেরানো এবং ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠার মতো একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। এ পরিস্থিতিতে অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখা এবং দীর্ঘমেয়াদে প্রবৃদ্ধির ভিত্তি শক্তিশালী করতে বেসরকারি খাতে ঋণপ্রবাহ বাড়ানো জরুরি। একই সঙ্গে ব্যাংকিং ব্যবস্থার প্রতি আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনা, খেলাপি ঋণ নিয়ন্ত্রণ, নতুন উদ্যোক্তা তৈরি এবং উৎপাদনশীল ও কর্মসংস্থানমুখী খাতে অর্থায়ন বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে। প্রযুক্তিনির্ভর ব্যাংকিং, ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তি এবং নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ সম্প্রসারণও আগামী দিনের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এসব বিষয়ে নিজের অবস্থান ও ব্যাংক খাতের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেছেন সাউথইস্ট ব্যাংক পিএলসির চেয়ারম্যান এম এ কাশেম।
তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতির বর্তমান পরিবর্তনের পর্বে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বৈদেশিক মুদ্রাবাজার স্থিতিশীল রাখা, রাজস্ব ব্যবস্থার উন্নয়ন এবং বিনিয়োগে গতি ফেরানো বড় চ্যালেঞ্জ। এসব ক্ষেত্রে অগ্রগতি অর্জনের জন্য নীতিনির্ধারণের বিভিন্ন পর্যায়ে সমন্বয় জোরদার করতে হবে। পাশাপাশি ব্যাংক খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন। দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণের পাশাপাশি উৎপাদন ও কর্মসংস্থান বাড়াতে পারলে অর্থনীতির ভিত্তি আরও শক্তিশালী হবে।
ব্যাংক খাতের স্থিতিশীলতা দীর্ঘমেয়াদে ধরে রাখা এবং আমানতকারীদের আস্থা পুনরুদ্ধারের বিষয়ে তিনি বলেন, ব্যাংকিং ব্যবস্থায় সুশাসন ও স্বচ্ছতার চর্চা আরও সুদৃঢ় করতে হবে। ব্যাংক পরিচালনায় দক্ষতা ও যোগ্যতার পাশাপাশি প্রতিটি স্তরে জবাবদিহি নিশ্চিত করা জরুরি। ঋণ বিতরণ থেকে আদায় পর্যন্ত পেশাদারত্ব বজায় রাখা, খেলাপি ঋণ কমানো এবং অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। আমানতকারীদের অর্থের নিরাপত্তা ও ব্যাংকের কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করা গেলে ব্যাংকিং ব্যবস্থার প্রতি মানুষের আস্থা আবারও দৃঢ় হবে।
বেসরকারি খাতে ঋণপ্রবাহ বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরে এম এ কাশেম বলেন, সুদহার, ব্যবসায়িক অনিশ্চয়তা এবং বিনিয়োগকারীদের সতর্ক অবস্থানের কারণে এ খাতে ঋণপ্রবাহ কম রয়েছে। নতুন বিনিয়োগের পরিবর্তে বিদ্যমান ব্যবসার ব্যয় ও দায় সামলাতেই উদ্যোক্তাদের বেশি মনোযোগ দিতে হচ্ছে। এ পরিস্থিতিতে বিনিয়োগ ও উদ্যোক্তাদের সহায়তায় ব্যাংকগুলোকে আরও সক্রিয় হতে হবে। প্রকল্পের সম্ভাবনা, ব্যবসার সক্ষমতা এবং ভবিষ্যৎ নগদ প্রবাহ বিবেচনায় নিয়ে অর্থায়ন বাড়ানো প্রয়োজন।
তিনি বলেন, এসএমই, কৃষি, রফতানিমুখী শিল্প, আমদানি বিকল্প শিল্প এবং কর্মসংস্থান সৃষ্টিকারী উৎপাদনশীল খাতগুলোকে ঋণ বিতরণে অগ্রাধিকার দিতে হবে। একই সঙ্গে নতুন উদ্যোক্তা তৈরিতে বাড়তি মনোযোগ প্রয়োজন। এতে বিনিয়োগের নতুন সুযোগ তৈরি হবে এবং সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডেও গতি আসবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পরামর্শ অনুযায়ী ‘উদ্যোগ’ পরিকল্পনা এগিয়ে নিতে সারা দেশের ব্যাংকারদের সম্মিলিতভাবে কাজ করা উচিত।
বেসরকারি বিনিয়োগ সম্প্রসারণ ও উৎপাদনশীল খাতে অর্থায়ন বাড়ানোর এ লক্ষ্য সামনে রেখে সাউথইস্ট ব্যাংক কাজ করছে জানিয়ে তিনি বলেন, অভ্যন্তরীণ ঋণপ্রবাহ বাড়াতে নবায়নযোগ্য জ্বালানি খাতের উদ্যোক্তাদের অর্থায়ন করা হচ্ছে। এসএমই খাতে বিভিন্ন ধরনের ঋণ, চলতি মূলধন এবং অন্যান্য ব্যাংকিং সুবিধার মাধ্যমেও ব্যবসায়িক কার্যক্রমে সহায়তা দেওয়া হচ্ছে।
নারী উদ্যোক্তা ও পেশাজীবীদের জন্য ব্যাংকটির বিশেষায়িত ঋণপণ্যের কথা উল্লেখ করে এম এ কাশেম বলেন, নারী উদ্যোক্তাদের জন্য ‘অনন্যা’ এবং শিক্ষকদের জন্য ‘আলোক’ নামে বিশেষ ঋণপণ্য রয়েছে। এ ছাড়া ‘স্বাগতম’ এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ে ব্যাংকিং সেবা সম্প্রসারণ করা হয়েছে। এর ফলে ক্ষুদ্র উদ্যোক্তা ও কৃষকদের আর্থিক অন্তর্ভুক্তির সুযোগ তৈরি হচ্ছে। ব্যাংকটির অর্থায়ন ও সেবা সম্প্রসারণে এসএমই, কৃষি এবং রিটেইল ব্যাংকিং বিশেষ গুরুত্ব পাচ্ছে।
ডিজিটাল ব্যাংকিংয়ের ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে তিনি বলেন, গ্রাহকদের দৈনন্দিন ব্যাংকিং আরও সহজ করতে প্রযুক্তিনির্ভর সেবার পরিসর বাড়ানো প্রয়োজন। সাউথইস্ট ব্যাংকের মোবাইল অ্যাপ, ইনস্টাপেই ইন্টারনেট ব্যাংকিং, আন্তঃব্যাংক অর্থ স্থানান্তর, পরিষেবা বিল পরিশোধ এবং বাংলা কিউআরভিত্তিক লেনদেনের সুবিধা এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বাংলাদেশ ব্যাংকের নগদবিহীন অর্থনীতি এবং আন্তঃপরিচালনযোগ্য পেমেন্টব্যবস্থা গড়ে তোলার উদ্যোগের সঙ্গে সামঞ্জস্য রেখে মার্চেন্ট পেমেন্ট, বাংলা কিউআর, ডিজিটাল লেনদেন ও প্রযুক্তিনির্ভর গ্রাহকসেবা সম্প্রসারণের যথেষ্ট সুযোগ রয়েছে।
তিনি আরও বলেন, ভবিষ্যতের আন্তঃপরিচালনযোগ্য তাৎক্ষণিক পেমেন্টব্যবস্থার জন্য ব্যাংকগুলোকে প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে হবে এবং প্রয়োজনীয় সমন্বয় গড়ে তুলতে হবে। উদ্যোক্তাদের পাশে থেকে মানসম্মত বিনিয়োগ, উদ্ভাবন, ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তি ও কর্মসংস্থান সৃষ্টিতে কার্যকর অংশীদার হওয়াই সাউথইস্ট ব্যাংকের লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে ঋণ বিতরণের পাশাপাশি প্রয়োজনীয় ব্যাংকিং সেবা সম্প্রসারণেও গুরুত্ব দেওয়া হচ্ছে।
এম এ কাশেমের মতে, ব্যাংকের অর্থায়ন শুধু ঋণ বিতরণের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না; উদ্যোক্তার ব্যবসায়িক প্রয়োজন ও সক্ষমতা বুঝে প্রয়োজনীয় আর্থিক সেবা নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের অনেকেরই ব্যবসা সম্প্রসারণের সম্ভাবনা থাকলেও প্রয়োজনীয় অর্থায়ন, আধুনিক ব্যাংকিং সেবা ও আর্থিক ব্যবস্থাপনার সুযোগ সীমিত। এসব উদ্যোক্তার জন্য সহজতর ব্যাংকিং সেবা এবং উপযুক্ত ঋণপণ্য তৈরি করা গেলে তাঁদের ব্যবসার পরিসর বাড়বে। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে উৎপাদন, পণ্য সরবরাহ ও কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে। এ ক্ষেত্রে ব্যাংকগুলোর দায়িত্বশীল অর্থায়ন এবং উদ্যোক্তাদের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তোলা প্রয়োজন।
বৈশ্বিক জ্বালানি সংকট ও ভূরাজনৈতিক অস্থিরতার প্রভাব মোকাবিলায় ব্যাংক খাতের দায়িত্বশীল ভূমিকার ওপরও গুরুত্ব দেন এম এ কাশেম। তাঁর মতে, এ ধরনের পরিস্থিতিতে ব্যাংকগুলোর দূরদর্শী অর্থায়ন ও কার্যকর ঝুঁকি ব্যবস্থাপনা প্রয়োজন। জ্বালানিসাশ্রয়ী শিল্প, নবায়নযোগ্য জ্বালানি, বিকল্প জ্বালানির উৎস এবং পরিবেশবান্ধব প্রযুক্তিতে বিনিয়োগ বাড়াতে হবে। পাশাপাশি আমদানি-রফতানি বাণিজ্যে প্রয়োজনীয় অর্থায়ন, বৈদেশিক মুদ্রার লেনদেন ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক বাণিজ্যের ঝুঁকি মোকাবিলায় ব্যাংকগুলোর দক্ষতা বাড়ানো জরুরি।
রফতানি বহুমুখীকরণ এবং স্থানীয় উৎপাদন সক্ষমতা বাড়ানোর বিষয়েও উদ্যোক্তাদের প্রয়োজনীয় সহায়তা দিতে হবে বলে মনে করেন তিনি। সময়োপযোগী অর্থায়ন ও কার্যকর ঝুঁকি ব্যবস্থাপনার মাধ্যমে বৈশ্বিক সংকটের মধ্যেও দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখতে ব্যাংক খাত গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে বলে তাঁর বিশ্বাস।
আগামী পাঁচ বছরে বাংলাদেশের অর্থনীতির সম্ভাবনা নিয়ে আশাবাদ ব্যক্ত করে এম এ কাশেম বলেন, বৈশ্বিক চ্যালেঞ্জ সত্ত্বেও দেশের অর্থনীতির সামনে উল্লেখযোগ্য সুযোগ রয়েছে। বৃহৎ অভ্যন্তরীণ বাজার, কর্মক্ষম তরুণ জনগোষ্ঠী, ক্রমবর্ধমান উদ্যোক্তা শ্রেণি এবং রফতানি সম্প্রসারণের সুযোগ বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নেওয়ার বড় শক্তি। এসব সম্ভাবনা কাজে লাগাতে বিনিয়োগের অনুকূল পরিবেশ ও নীতির ধারাবাহিকতা নিশ্চিত করতে হবে। পাশাপাশি অবকাঠামো ও জ্বালানি খাতের উন্নয়ন এবং আর্থিক খাতের কাঠামোগত সংস্কার এগিয়ে নেওয়া প্রয়োজন।
আগামী দিনের ব্যাংকিং ব্যবস্থায় ডিজিটাল লেনদেন ও আন্তঃপরিচালনযোগ্য পেমেন্টব্যবস্থার গুরুত্ব আরও বাড়বে উল্লেখ করে তিনি বলেন, নগদবিহীন লেনদেন, বাংলা কিউআর, তাৎক্ষণিক অর্থ স্থানান্তর এবং প্রবাসীদের জন্য নতুন ব্যাংকিং সুবিধা আর্থিক খাতের কার্যক্রমে পরিবর্তন আনবে। বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা অনুযায়ী প্রবাসীদের জন্য চালু হওয়া এনআরসিটি অ্যাকাউন্ট এবং টাকাপের মাধ্যমে লেনদেনের সুযোগও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।
এম এ কাশেম বলেন, বাংলাদেশ ব্যাংকের আইআইপিএস উদ্যোগ বাস্তবায়িত হলে ব্যাংক, মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে তাৎক্ষণিক অর্থ স্থানান্তর ও পরিশোধের সুযোগ আরও বিস্তৃত হবে। একই সঙ্গে সরকারের ডিজিটাল রাজস্ব সংগ্রহ, সরকার থেকে ব্যক্তি পর্যায়ে অর্থ প্রদান বা জিটুপি পেমেন্ট এবং অন্যান্য ই-গভর্ন্যান্স উদ্যোগের সঙ্গে ব্যাংকগুলোর কার্যকর সংযোগ গড়ে উঠবে। এর ফলে আর্থিক লেনদেনের গতি বাড়ার পাশাপাশি গ্রাহকদের জন্য ব্যাংকিং সেবা আরও সহজলভ্য হবে। ডিজিটাল অবকাঠামোর উন্নয়ন ও বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় বাড়ানো গেলে দেশের সামগ্রিক পেমেন্টব্যবস্থাও আরও আধুনিক হয়ে উঠবে।
অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ব্যাংক খাতের ভূমিকা আরও কার্যকর করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, উৎপাদনশীল ও কর্মসংস্থানমুখী খাতে অর্থায়ন বাড়ানো, এসএমই ও নতুন উদ্যোক্তাদের সহায়তা দেওয়া এবং প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা সম্প্রসারণ আগামী দিনের প্রধান অগ্রাধিকার হওয়া উচিত। একই সঙ্গে ঋণ ব্যবস্থাপনায় দক্ষতা ও মান নিশ্চিত করা, খেলাপি ঋণ নিয়ন্ত্রণ, সুশাসন প্রতিষ্ঠা এবং আমানতকারীদের আস্থা সুদৃঢ় করার প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।
রাজু আলীম
কবি, সাংবাদিক, মিডিয়া ব্যক্তিত্ব![]()