চট্টগ্রাম, ১৯ জুলাই: জনগণই দেশের প্রকৃত মালিক এবং তাদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করাই সরকারের অঙ্গীকার বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দারি
দ্র্য ও বৈষম্য দূর করে সবার জন্য সমান অধিকারভিত্তিক, আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য।
শনিবার (১৮ জুলাই) চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মধ্য মাদার্শা রহমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) আয়োজিত চট্টগ্রাম-৫ আসনের পানিবন্দী মানুষের মাঝে চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার জনগণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। দেশের উন্নয়ন ও জনকল্যাণে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে, যাতে বাংলাদেশ বিশ্বে একটি আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়।
সরকারি কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে হবে। উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে নিষ্ক্রিয় থাকার সুযোগ নেই। আগামী পাঁচ বছরে দেশের দৃশ্যমান পরিবর্তন ঘটাতে সরকার কাজ করছে। বিশেষ করে চট্টগ্রামের চলমান উন্নয়ন ভবিষ্যতে ইতিহাস হয়ে থাকবে। দেশের স্বার্থে কোনো ধরনের আপস করা হবে না বলেও তিনি উল্লেখ করেন।
প্রাকৃতিক ভারসাম্য রক্ষার ওপর গুরুত্ব দিয়ে প্রতিমন্ত্রী বলেন, জলাবদ্ধতা ও পানিবন্দি পরিস্থিতি মোকাবিলায় নদী-নালা, খাল-বিলের স্বাভাবিক পানিপ্রবাহ সচল রাখা জরুরি।
অনুষ্ঠানে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন। এছাড়া উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এর আগে প্রতিমন্ত্রী হাটহাজারীর গুমানমর্দ্দন ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন।
সেখানে তিনি পূর্ববর্তী সরকারের সমালোচনা করে বলেন, দীর্ঘ সময় প্রশাসন ও বিচারব্যবস্থাকে দুর্বল করা হয়েছিল। বর্তমান সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে দায়িত্ব নিয়ে দরিদ্র মানুষের আয় বৃদ্ধি, জীবনমান উন্নয়ন এবং জনকল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন।