জাপান সফরের তৃতীয় দিনে টোকিওতে স্বাস্থ্যসেবা, প্রবীণ পরিচর্যা ও সংস্কৃতিবিষয়ক বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও বিশিষ্ট হৃদ্রোগ বিশেষজ্ঞ ডা. জুবাইদা রহমান। বুধবার (২৮ অক্টোবর) তিনি একটি হাসপাতাল, একটি হোম-কেয়ার নার্সিং সেন্টার ও টোকিও ন্যাশনাল মিউজিয়াম পরিদর্শন করেন। দিনের কর্মসূচির শেষ পর্যায়ে জাপানের রাজপরিবারের সদস্য প্রিন্সেস তাকামাদোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।![]()
সকালে টোকিওর হানেদা ইনোভেশন সিটিতে অবস্থিত ফুজিতা হেলথ ইউনিভার্সিটি হানেদা ক্লিনিক পরিদর্শনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করেন ডা. জুবাইদা রহমান। এ সময় ক্লিনিকটির উন্নত চিকিৎসাপ্রযুক্তি ও বিভিন্ন স্বাস্থ্যসেবা সম্পর্কে তাঁকে অবহিত করা হয়।![]()
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, বিশ্বে এ ধরনের মাত্র পাঁচটি সিটি স্ক্যানার রয়েছে। এ ছাড়া তিনি ক্লিনিকটির পেট-সিটি ও এমআরআই সুবিধা এবং বিভিন্ন নমুনা সংগ্রহে ব্যবহৃত রোবট প্রযুক্তি সম্পর্কে ধারণা নেন।![]()
পরে টোকিওর বুনকিও-কু এলাকায় সাসাকাওয়া হেলথ ফাউন্ডেশন পরিচালিত কমিউনিটিভিত্তিক হোম-কেয়ার নার্সিং সেন্টার হংগো পরিদর্শন করেন ডা. জুবাইদা রহমান। সেখানে নার্সিং ও পুনর্বাসন কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।![]()
দুপুরের খাবারের পর ইউয়েনো পার্কে অবস্থিত টোকিও ন্যাশনাল মিউজিয়াম পরিদর্শন করেন তিনি। এ সময় জাপানের ঐতিহ্য ও সংস্কৃতির বিভিন্ন নিদর্শন ঘুরে দেখেন ডা. জুবাইদা রহমান।![]()
বিকেলে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনে প্রতিষ্ঠানটির প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। দিনের কর্মসূচির শেষ পর্যায়ে জাপানের রাজপরিবারের সদস্য প্রিন্সেস তাকামাদোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ডা. জুবাইদা রহমান।
![]()