দ্বিপক্ষীয় অঙ্গীকারে বাংলাদেশ–যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘস্থায়ী অংশীদারত্ব গড়ে উঠেছে
সাব্বির আহমেদ, কান্ট্রি ম্যানেজার, ভিসা
বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার দীর্ঘদিনের দ্বিপক্ষীয় ও কৌশলগত সম্পর্ক বর্তমান বৈশ্বিক অর্থনীতি ও ভূরাজনীতিতে এক অনন্য উচ্চতায় পৌঁছেছে। দুই দেশের পারস্পরিক বাণিজ্যিক অঙ্গীকার, টেকসই উন্নয়ন অংশীদারত্ব এবং বেসরকারি খাতের ধারাবাহিক প্রবৃদ্ধি এই সম্পর্ককে সময়ের সঙ্গে সঙ্গে আরও গভীর ও দীর্ঘস্থায়ী করে তুলেছে।
বিগত দশকগুলোতে বাংলাদেশের তৈরি পোশাক খাতের অন্যতম প্রধান রফতানি বাজার হিসেবে এবং সরাসরি বৈদেশিক বিনিয়োগের (এফডিআই) অন্যতম বড় উৎস হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র এ দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। বাণিজ্য ও বিনিয়োগ ছাড়াও প্রযুক্তি স্থানান্তর, ব্যাংকিং ও আর্থিক খাতের আধুনিকায়ন এবং করপোরেট সুশাসন নিশ্চিত করার ক্ষেত্রে দুই দেশের দ্বিপক্ষীয় সহযোগিতা অত্যন্ত প্রশংসনীয় ভূমিকা পালন করেছে। বাংলাদেশের শক্তিশালী অভ্যন্তরীণ বাজার এবং উদীয়মান তরুণ কর্মক্ষম জনগোষ্ঠী মার্কিন বিনিয়োগকারীদের জন্য সবসময়ই একটি লাভজনক ও দীর্ঘমেয়াদি ক্ষেত্র হিসেবে বিবেচিত হচ্ছে।
আগামী দিনগুলোতে জলবায়ু পরিবর্তন মোকাবেলা, টেকসই অর্থায়ন (সাসটেইনেবল ফাইন্যান্স) এবং অর্থনৈতিক অন্তর্ভুক্তির মতো নতুন উদীয়মান খাতগুলোতে যৌথ প্রয়াস জোরদার করার ব্যাপক সুযোগ রয়েছে। অভিন্ন মূল্যবোধ, পারস্পরিক কৌশলগত আস্থা এবং শক্তিশালী বাণিজ্যিক অংশীদারত্বের ওপর ভিত্তি করে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের এই বন্ধুত্বপূর্ণ দ্বিপক্ষীয় অঙ্গীকার আগামীতে আরও সুদৃঢ়, গভীর ও গতিশীল হবে বলে দৃঢ় প্রত্যাশা করা যায়।