মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি: প্রবাসের নতুন প্রজন্মের মাঝে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি ছড়িয়ে দেওয়া এবং প্রবাসীদের পাঠের অভ্যাস ধরে রাখার লক্ষ্যে ইতালিতে একটি সমৃদ্ধ পাঠাগার স্থাপনের দাবি জানিয়েছে বাংলা প্রেসক্লাব ইতালি।
বাংলাদেশের স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠান পাঞ্জেরী পাবকেশন্স লি.-এর ব্যবস্থাপনা পরিচালক ও লেখক কামরুল হাসান শায়ক-এর ইতালি আগমন উপলক্ষে আয়োজিত এক সাহিত্যিক, সাংবাদিক ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে আলাপচারিতা অনুষ্ঠানে এই দাবি উত্থাপন করা হয়।
বাংলা প্রেস ক্লাব, ইতালি-র আয়োজনে রবিবার সন্ধ্যায় রোমের প্রখ্যাত সিলেট কাফি শপে এ আড্ডা ও আলাপচারিতায় সংগঠনের প্রধান উপদেষ্টা লুৎফুর রহমানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মিনহাজ হোসেন এর পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক লাবণ্য চৌধুরী ও প্রচার সম্পাদক জায়েদুল হক সোহেল।
অনুষ্ঠানে অতিথি হিসেবে ইতালি বিএনপির সাবেক সহ সভাপতি মাইনুল আলম খোকন, সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান রতন, কবি ও সাহিত্যিক আলতাফ হোসেন, বৃহত্তর নোয়াখালী সমিতি ইতালির সভাপতি আলাউদ্দিন শিমুল, নোয়াখালী ওয়েলফেয়ার অ্যাসিয়েশন এর সভাপতি এ কে আজাদ, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব মোজাম্মেল হোসেন মোল্লা, নজরুল ইসলাম নারী নেত্রী জহুরা ঈশিতা, বৃহত্তর সিলেট ইয়াং ষ্টার ক্লাবের সভাপতি প্রিন্স হাসান আহমেদ সহ ইতালি প্রবাসী বিশিষ্ট সাহিত্যিক, সাংবাদিক এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে প্রাণবন্ত আলোচনায় অংশ নেন।
![]()
সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, প্রবাসজীবনে কর্মব্যস্ততার মাঝেও মাতৃভাষার চর্চা ও শেকড়ের সাথে যোগাযোগ রাখতে বইয়ের কোনো বিকল্প নেই। ইতালিতে বসবাসরত প্রবাসী বাঙালি ও তাদের সন্তানদের বাংলা সাহিত্যের সাথে নিবিড়ভাবে যুক্ত করতে একটি স্থায়ী পাঠাগার প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি।
এসময় সংবর্ধিত অতিথি পাঞ্জেরী পাবকেশন্সের ব্যবস্থাপনা পরিচালক কামরুল হাসান শায়ক প্রবাসে বাংলা ভাষা ও সংস্কৃতির প্রসারে এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভনিষ্যতে ইতালিতে পাঠাগার প্রতিষ্ঠার লক্ষে সার্বিক সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।