![]()
আসন্ন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর দ্বিবার্ষিক নির্বাচন ২০২৬ ঘিরে চলচ্চিত্র অঙ্গন ও সাংবাদিকদের মাঝে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। আগামী ২০ নভেম্বর ২০২৬ তারিখে জাতীয় প্রেস ক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে মাঠে সক্রিয় রয়েছে ‘আবদুর রহমান-রাহাত সাইফুল পরিষদ’। এই প্যানেল থেকে হেভিওয়েট দুই প্রার্থীর অংশগ্রহণ নির্বাচনকে করে তুলেছে আরও বেশি তাৎপর্যপূর্ণ ও প্রমিনেন্ট।![]()
ঘোষিত প্যানেল অনুযায়ী, আসন্ন এই নির্বাচনে নির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জনপ্রিয় কবি, সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব এবং বাচসাসের সাবেক সভাপতি রাজু আলীম। এবং সাবেক সাধারণ সম্পাদক রিমন মাহফুজ সহ সভাপতি
পদে নির্বাচন করছেন।
তাদের এই দুই প্রার্থীর অংশগ্রহণ প্যানেলটির অবস্থানকে আরও সুদৃঢ় ও শক্তিশালী করেছে।
‘একসাথে আরও শক্তিশালী বাচসাস’ এই মূল স্লোগানকে সামনে রেখে নির্বাচনে বেশ কিছু সুনির্দিষ্ট লক্ষ্য ও ইশতেহার নিয়ে মাঠে নেমেছে আবদুর রহমান-রাহাত সাইফুল পরিষদ। তাদের প্রধান এজেন্ডাগুলোর মধ্যে রয়েছে— চলচ্চিত্র সাংবাদিকতার উৎকর্ষ সাধন, সাংবাদিকদের মর্যাদা ও পূর্ণ স্বাধীনতা রক্ষা, শিল্প-সংস্কৃতির বিকাশ এবং সমিতির সদস্যদের সার্বিক কল্যাণ নিশ্চিত করা। এছাড়া সাংবাদিকদের মধ্যে পারস্পরিক ঐক্য ও সংহতি বজায় রাখার ওপরও বিশেষ জোর দেওয়া হচ্ছে।![]()
নির্বাচনে রাজু আলীম ও রিমন মাহফুজ এর মতো অভিজ্ঞ, পরিচিত ও জনপ্রিয় ব্যক্তিত্বদের উপস্থিতি ভোটারদের মাঝে বাড়তি আগ্রহ তৈরি করেছে। সংগঠনের দীর্ঘদিনের অভিজ্ঞতা ও সুখ্যাতিকে কাজে লাগিয়ে তারা সাংবাদিক সমাজ এবং শিল্প-সংস্কৃতির কল্যাণে নিজেদের নিয়োজিত করতে চান। প্রচারণার অংশ হিসেবে তারা নিয়মিত ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং নিজেদের লক্ষ্য তুলে ধরে সমর্থন ও দোয়া চাচ্ছেন।![]()
বিশেষ করে বাচসাসের সাবেক সফল সভাপতি, জনপ্রিয় কবি ও মিডিয়া ব্যক্তিত্ব রাজু আলীমের নির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা নির্বাচনে বিশেষ মাত্রা যোগ করেছে। অন্যদিকে, সাবেক সাধারণ সম্পাদক হিসেবে রিমন মাহফুজের বলিষ্ঠ সাংগঠনিক দক্ষতা ও অভিজ্ঞতা সহ-সভাপতি পদের লড়াইয়ে তাকে বেশ সুবিধাজনক অবস্থানে রেখেছে।
নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, প্রার্থীদের দৌড়ঝাঁপ ও ভোটারদের সাথে কুশল বিনিময় ততই তীব্র হচ্ছে। আগামী ২০ নভেম্বরের এই নির্বাচনে সাংবাদিক ভোটাররা তাদের সুচিন্তিত রায়, দোয়া ও ভালোবাসার মাধ্যমে যোগ্য নেতৃত্ব বেছে নেবেন—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট সকলের। একটি উৎসবমুখর ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাচসাসের ভবিষ্যৎ কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে বলে আশা করছেন ভোটার ও প্রার্থীরা।