‘শুদ্ধ ব্যাংকিং, সমৃদ্ধ আগামী’ স্লোগানকে সামনে রেখে সিটিজেনস ব্যাংক পিএলসি আনুষ্ঠানিকভাবে ‘সিটিজেনস ইসলামিক’ নামে শরিয়াহভিত্তিক ইসলামিক ব্যাংকিং কার্যক্রম চালু করেছে।
ব্যাংকের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ হানিফ সোয়েব উদ্বোধনী অনুষ্ঠানে এ কার্যক্রমের সূচনা করেন। ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন এ ইসলামিক ব্যাংকিং উইন্ডোর মাধ্যমে গ্রাহকদের জন্য শরিয়াহসম্মত, নৈতিক ও অংশীদারত্বভিত্তিক ব্যাংকিং সেবা নিশ্চিত করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান মাসুদুজ্জামান, পরিচালক মোখলেসুর রহমান, এস এম শফিকুল হক ও মো. রফিকুল আলম এবং স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান এ কে এম শহীদুল হক।
এ ছাড়া অনুষ্ঠানে অংশ নেন সিটিজেনস ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আলমগীর হোসেন, শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ আবদুস সামাদ, কমিটির সদস্য ড. মুফতি মুহাম্মদ আবু ইউসুফ খান ও মুফতি মঈনুল ইসলাম, উপব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তাফিজুর রহমান এবং মো. আবদুল লতিফ।
ব্যাংকটির ভাষ্য অনুযায়ী, ইসলামিক ব্যাংকিং চালুর ফলে ধর্মীয় ও আর্থিক মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ গ্রাহকরা শরিয়াহসম্মত হিসাব, সঞ্চয় ও বিনিয়োগ সুবিধা পাবেন। পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা, ব্যবসাপ্রতিষ্ঠান এবং শিল্প ও উৎপাদনশীল খাতে নতুন ও সম্প্রসারিত অর্থায়নের সুযোগ সৃষ্টি হবে।
আধুনিক প্রযুক্তিনির্ভর সেবার সঙ্গে ইসলামিক ব্যাংকিংয়ের সমন্বয়ে স্বচ্ছ, নির্ভরযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক আর্থিক সেবা প্রদান এবং গ্রাহকদের নিরাপদ ও সমৃদ্ধ আর্থিক ভবিষ্যৎ গড়ে তোলাই এ উদ্যোগের লক্ষ্য বলে জানিয়েছে সিটিজেনস ব্যাংক।![]()