মিনহাজ হোসেন, বিশেষ প্রতিনিধি
বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে ইতালির রাজধানী রোমে কেরাণীগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতির আয়োজনে শুরু হয়েছে তিন দিনব্যাপী বৈশাখী মেলা। জমকালো আয়োজন, নাচ-গান ও বর্ণিল সাংস্কৃতিক পরিবেশনায় রোববার মেলার প্রথম দিন উৎসবমুখর হয়ে ওঠে।
৯ আগস্ট মেলার উদ্বোধনী দিনের সাংস্কৃতিক অনুষ্ঠানে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশির উপস্থিতি ছিল। দেশীয় সংস্কৃতি ও বাঙালির চিরায়ত ঐতিহ্যের আবহে রোমে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে তৈরি হয় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। পরিবার-পরিজন নিয়ে মেলায় অংশ নেন বিভিন্ন বয়সী প্রবাসীরা।![]()
উদ্বোধনী দিনের সাংস্কৃতিক পর্বে ছিল আকর্ষণীয় নৃত্য পরিবেশনা। পাশাপাশি বাংলাদেশ থেকে আসা জনপ্রিয় কণ্ঠশিল্পী প্রতীক হাসান ও সিথি সাহা সংগীত পরিবেশন করেন। তাদের পরিবেশনায় দর্শকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। শিল্পীদের সঙ্গে কণ্ঠ মেলানোর পাশাপাশি দর্শকরা পছন্দের বিভিন্ন গান পরিবেশনের অনুরোধ জানান।
প্রথম দিনের অনুষ্ঠান ঘিরে দর্শকদের ব্যাপক সাড়া ও ভালোবাসায় সন্তুষ্টি প্রকাশ করেছেন আয়োজকরা। দর্শকদের প্রতি সম্মান জানিয়ে মেলার পরবর্তী দুই দিনের জন্য টিকিটের মূল্য কমানোর ঘোষণা দিয়েছে কেরাণীগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতি।
আয়োজক কমিটি জানিয়েছে, আগে সাধারণ টিকিটের মূল্য ১৫ ইউরো নির্ধারণ করা হলেও ১০ ও ১১ আগস্টের অনুষ্ঠানগুলোর জন্য তা কমিয়ে ১০ ইউরো করা হয়েছে। ফলে মেলার বাকি দুই দিন মাত্র ১০ ইউরো টিকিটে দর্শকরা অনুষ্ঠান উপভোগ করতে পারবেন।![]()
কেরাণীগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতির নেতৃবৃন্দ বলেন, প্রবাসীদের জন্য স্বাস্থ্যকর বিনোদনের ব্যবস্থা করা এবং নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ভালোবাসায় প্রথম দিনের আয়োজন সার্থক হয়েছে।
সমিতির পক্ষ থেকে মেলার পরবর্তী দুই দিনের অনুষ্ঠানেও প্রবাসী বাংলাদেশিদের পরিবার-পরিজন নিয়ে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। আয়োজকদের প্রত্যাশা, দর্শকদের প্রাণবন্ত উপস্থিতিতে মেলার পরবর্তী পর্বগুলো আরও উৎসবমুখর ও বর্ণিল হয়ে উঠবে।
তিন দিনব্যাপী এ বৈশাখী মেলার মধ্য দিয়ে রোমের প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও পারস্পরিক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।![]()