আন্দোলনের পরিবর্তে সংসদে এসে নিজেদের বক্তব্য তুলে ধরতে বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি বলেছেন, জাতীয় সংসদই গণতান্ত্রিক কার্যক্রমের মূল কেন্দ্র। সংসদীয় আলোচনার মাধ্যমে মতপার্থক্য নিরসন সম্ভব।
সোমবার (২ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও ইইউর দ্বিপক্ষীয় সম্পর্ক, সংসদীয় গণতন্ত্র, অর্থনৈতিক সহযোগিতা, বিনিয়োগ, বাণিজ্য সম্প্রসারণ, শ্রম অধিকার এবং সংবিধান সংশোধন কার্যক্রম নিয়ে আলোচনা হয়।
চিফ হুইপ বলেন, দীর্ঘ সময় পর দেশে সংসদীয় গণতান্ত্রিক চর্চা ফিরে এসেছে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ। এ লক্ষ্যে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়েছে। বিরোধী দলকেও সংশ্লিষ্ট কমিটিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। তাদের জন্য আলোচনার দ্বার এখনো উন্মুক্ত।
![]()
সাক্ষাতে বাংলাদেশ-ইইউ সংসদীয় ফ্রেন্ডশিপ গ্রুপ গঠন, সংসদীয় বাজেট ব্যবস্থাপনা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতার বিষয়েও আলোচনা হয়।
এ ছাড়া বাংলাদেশে ইউরোপীয় বিনিয়োগ বৃদ্ধি, বাণিজ্য সম্প্রসারণ, শ্রম আইন সংশোধন, শ্রমিকদের অধিকার সুরক্ষা এবং শিল্প খাতে স্থিতিশীলতা বজায় রাখার বিষয়ে আলোচনা হয়।
ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার দীর্ঘ সময় পর বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থার প্রত্যাবর্তনের প্রেক্ষাপটে জাতীয় সংসদের ভূমিকার প্রশংসা করেন। সাক্ষাৎ শেষে উভয় পক্ষ বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেন।
![]()