জায়দুল হক সোহেল, ইতালি
জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাব এখন কেবল প্রকৃতিতেই নয়, দৃশ্যমান হচ্ছে ইতিহাসের পাতায়ও। বিশ্ব উষ্ণায়নের ফলে ইতালির বিখ্যাত ডলোমাইটস পর্বতমালায় গলে যাচ্ছে শতবর্ষী হিমবাহ। আর সেই বরফ গলতেই বেরিয়ে আসছে প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহ সব স্মৃতি। সম্প্রতি এই অঞ্চল থেকে প্রায় আড়াইশটি তাজা বিস্ফোরক ও গোলাবারুদ উদ্ধার করেছে ইতালীয় সেনাবাহিনী।
পাহাড়ের কোলঘেঁষা বরফের সাদা চাদর ভেদ করে উঁকি দিচ্ছে এক শতাব্দীরও বেশি পুরোনো যুদ্ধের ধ্বংসাবশেষ। ইতালির উত্তরাঞ্চলীয় ডলোমাইটস ও আল্পস পর্বতমালা অঞ্চলে জলবায়ু পরিবর্তনের কারণে গত কয়েক বছরে তুষার গলার গতি ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। আর এর ফলেই উন্মুক্ত হয়ে পড়েছে প্রথম বিশ্বযুদ্ধের আমলের প্রায় ২৫০টি অবিস্ফোরিত বোমা ও গোলাবারুদ।
গ্রীষ্মকালে যখন পাহাড়ি বরফের স্তর স্বাভাবিকের চেয়ে নিচে নেমে যায়, তখন এখানকার পরিচিত ট্রেইল বা হাইকিং রুটগুলো দৃশ্যমান হয়। চলতি মৌসুমে স্থানীয় পর্বতারোহী ও পর্যটকরা ডলোমাইটস ও সংলগ্ন উপত্যকাগুলোতে হাঁটার সময় বরফের বুক চিরে বেরিয়ে থাকা অচেনা ধাতব বস্তু এবং সামরিক সরঞ্জাম দেখতে পান। শতবর্ষ পুরোনো হলেও এগুলোতে মরিচা পড়লেও এর ভেতরে থাকা বারুদ ও বিস্ফোরক উপাদানগুলো ছিল অত্যন্ত সক্রিয় এবং বিপজ্জনক। পর্যটকরা বিষয়টি বুঝতে পেরে তৎক্ষণাৎ স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেন।
খবর পাওয়ার পর নড়েচড়ে বসে ইতালীয় প্রশাসন। দুর্গম পাহাড়ি এলাকায় দ্রুত তল্লাশি চালাতে মাঠে নামানো হয় ইতালীয় সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত পাহাড়ি দল ‘জুলিয়া আল্পাইন ব্রিগেড’ এবং বোম ডিসপোজাল স্কোয়াডকে।
সেনাবাহিনীর বিশেষজ্ঞরা উচ্চ-উচ্চতার হিমবাহ থেকে অত্যন্ত সতর্কতার সাথে একে একে সংগ্রহ করেন ১৮টি ইতালীয় ৭৫ মিলিমিটার আর্টিলারি শেল এবং ৩৭টি ফরাসি প্রযুক্তির থ্যাভোটোট মোর্টার শেলসহ প্রায় ২৫০টি শক্তিশালী বিস্ফোরক। পরবর্তীতে সেনাবাহিনীর প্রকৌশলী দল সম্পূর্ণ নিরাপদ দূরত্বে নিয়ে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে এই বিপজ্জনক অস্ত্রশস্ত্রগুলো একে একে সফলভাবে নিষ্ক্রিয় করে।
১৯১৫ থেকে ১৯১৮ সালের প্রথম বিশ্বযুদ্ধ চলাকালে ইতালি এবং অস্ট্রো-হাঙ্গেরিয়ান সাম্রাজ্যের মধ্যে এই আল্পস পর্বতমালা অঞ্চলে এক রক্তক্ষয়ী ও তীব্র যুদ্ধ সংঘটিত হয়েছিল, যা ইতিহাসে ‘হোয়াইট ওয়ার’ (The White War) নামে পরিচিত। মাইনাস ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে তুষারঝড় ও বরফের নিচে চাপা পড়ে মারা যান হাজার হাজার সৈন্য। সেসময় বরফের নিচে হারিয়ে যাওয়া সেইসব সামরিক রসদ ও অস্ত্রশস্ত্রই এখন বৈশ্বিক উষ্ণায়নের কারণে বরফ গলে দীর্ঘ এক শতাব্দী পর মাটির উপরে বেরিয়ে আসছে।
ইতালীয় কর্তৃপক্ষ ও উদ্ধারকারী দলগুলো ডলোমাইটস অঞ্চলের হাইকার ও পর্যটকদের জন্য কড়া সতর্কবার্তা জারি করেছে। পাহাড়ি ট্রেইলে যাতায়াতের সময় সন্দেহজনক কোনো ধাতব বস্তু বা পুরোনো অস্ত্রের দেখা মিললে সেগুলোতে স্পর্শ না করে অবিলম্বে স্থানীয় প্রশাসনকে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে।
জলবায়ু পরিবর্তন যেভাবে আল্পসের পরিবেশ ধ্বংস করছে, একইসাথে তা শতবর্ষ পুরোনো সুপ্ত বিপদগুলোকে আবার নতুন করে জাগিয়ে তুলছে—এটাই এখন আন্তর্জাতিক মহলের বড় উদ্বেগের বিষয়।![]()