জায়দুল হক সোহেল, ইতালি
বোসনিয়া ও হার্জেগোভিনায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অধীনস্থ শান্তিরক্ষা মিশন এ নিয়োজিত ইতালীয় সেনাবাহিনীর একটি সামরিক হেলিকপ্টার মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছে। দেশটির উত্তরাঞ্চলের ব্রচকো এলাকায় ঘটা এই ভয়াবহ দুর্ঘটনায় অন্তত তিন জন সেনাসদস্য নিহত এবং আরও বারোজন গুরুতর আহত হয়েছেন।
দুর্ঘটনার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই ইতালীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং রোমের উচ্চপর্যায়ের সামরিক কমান্ড তাৎক্ষণিক পদক্ষেপ হিসেবে একটি বিশেষ জরুরি টাস্কফোর্স গঠন করেছে। আহত সেনাসদস্যদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে এবং নিহতদের মরদেহ দ্রুত ও মর্যাদাপূর্ণ উপায়ে দেশে ফিরিয়ে আনতে বোসনিয়ায় অবস্থিত ইতালীয় দূতাবাস ও ইউফোর কর্তৃপক্ষের সাথে নিবিড় যোগাযোগ রক্ষা করে চলেছে রোম। পাশাপাশি, দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে সামরিক বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি যৌথ কারিগরি তদন্ত কমিটি কাজ শুরু করেছে।
বোসনিয়া-হার্জেগোভিনায় ইতালীয় ইউফোর হেলিকপ্টারের মর্মান্তিক এই দুর্ঘটনার খবরে গভীর শোক প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী। এক শোকবার্তায় তিনি বলেন, বসনিয়া-হার্জেগোভিনায় ইতালীয় ইউফোর হেলিকপ্টারের মর্মান্তিক দুর্ঘটনার খবরটি গভীর দুঃখের কারণ। নিহতদের, তাদের পরিবারের এবং এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার মিশনে নিয়োজিত সেই সমস্ত ব্যক্তিদের প্রতি আমার সমবেদনা রইল, যারা এই চরম যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছেন। আমার আন্তরিক সহানুভূতি তাদের প্রতি রইল, যেমনটি রয়েছে ইতালীয় সরকারেরও।
স্থানীয় জরুরি উদ্ধারকারী দল, চিকিৎসা কর্মী এবং EUFOR-এর বিশেষায়িত টিম দ্রুততম সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে ধ্বংসস্তূপ থেকে হতাহতদের উদ্ধার করে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এ দুর্ঘটনায় তিন জন প্রাণ হারিয়েছেন এবং আহত প্রায় বারোজন সেনাসদস্যকে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। শান্তিরক্ষা মিশনে নিয়োজিত সামরিক বহরে এমন হৃদয়বিদারক দুর্ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
![]()