চামড়া ও চামড়াজাত পণ্য খাতের উন্নয়ন, আধুনিকায়ন এবং আন্তর্জাতিক প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে বাংলাদেশ ব্যাংকের ২ হাজার কোটি টাকার প্রি-ফাইন্যান্স স্কিমে অংশ নিতে ঢাকা ব্যাংক পিএলসির সঙ্গে একটি অংশগ্রহণ চুক্তি সই হয়েছে।
১৬ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এ চুক্তি সই হয়। বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রাম বিভাগের পরিচালক মো. জবদুল ইসলাম এবং ঢাকা ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এ কে এম শাহনওয়াজ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. আনিসুর রহমান।
চুক্তি সই অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. মজিবুর রহমান শেখ, ঢাকা ব্যাংকের ইভিপি ও এমএসএমই বিভাগের প্রধান মোহাম্মদ মাহবুবুর রহমান পালাশসহ অংশগ্রহণকারী অন্যান্য ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্কিমটির আওতায় চামড়া ও চামড়াজাত পণ্য খাতের বিভিন্ন কার্যক্রমে অর্থায়নের সুযোগ থাকবে। এর মধ্যে ট্যানারি ও চামড়াজাত পণ্য উৎপাদনের কারখানা নির্মাণ বা সম্প্রসারণ, যন্ত্রপাতি কেনা, চামড়া সংগ্রহ ও প্রক্রিয়াজাতকরণ, কাঁচা ও প্রক্রিয়াজাত চামড়ার জন্য গুদাম ও কোল্ড স্টোরেজ নির্মাণ এবং বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশবান্ধব অবকাঠামো তৈরির ব্যয় অন্তর্ভুক্ত রয়েছে।
এ ছাড়া বিভিন্ন সনদ ও কমপ্লায়েন্স অর্জনের ব্যয়, দৈনন্দিন ব্যবসায়িক কার্যক্রমের জন্য চলতি মূলধন এবং ট্যানারি আধুনিকায়নের ক্ষেত্রেও এ স্কিমের আওতায় অর্থায়ন করা যাবে।
চামড়া ও চামড়াজাত পণ্য খাতে সংশ্লিষ্ট যোগ্য উদ্যোক্তা ও প্রতিষ্ঠান সর্বোচ্চ সাত বছর মেয়াদে ৭ শতাংশ সুদে ঋণ নেওয়ার সুযোগ পাবেন।
বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন পুনঃঅর্থায়ন ও বিশেষায়িত অর্থায়ন কর্মসূচিতে ঢাকা ব্যাংক দীর্ঘদিন ধরে অংশগ্রহণ করে আসছে। নতুন এ চুক্তির মাধ্যমে চামড়া ও চামড়াজাত পণ্য খাতের উদ্যোক্তা ও ব্যবসায়ীদের অনুকূল শর্তে অর্থায়নের সুযোগ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।![]()