ক্যাশলেস বা নগদবিহীন লেনদেনের বিস্তার ঘটলে দুর্নীতি কমবে এবং ব্যবসা পরিচালনার খরচও হ্রাস পাবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অর্থনীতিকে আরও স্বচ্ছ ও গতিশীল করতে ডিজিটালাইজেশন এবং ক্যাশলেস লেনদেনের ওপর জোর দেওয়ার আহ্বান জানান তিনি।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাজধানীর শেরাটন হোটেলে ‘ইউনিভার্সাল পেনশন স্কিমের জন্য ডায়নামিক বাংলা কিউআর’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ট্রাস্ট ব্যাংকের সহযোগিতায় এ সেবা চালু করা হয়েছে।
অর্থমন্ত্রী বলেন, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় ডিজিটাল অর্থনীতির গুরুত্ব আগের যেকোনো সময়ের চেয়ে বেশি। নগদ লেনদেনের পরিবর্তে ডিজিটাল লেনদেন বাড়ানো গেলে অর্থনৈতিক কর্মকাণ্ডে স্বচ্ছতা বাড়বে, দুর্নীতির সুযোগ কমবে এবং ব্যবসার ব্যয়ও কমে আসবে।
তিনি আরও বলেন, বাংলা কিউআরকে কার্যকর জাতীয় প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে বিভিন্ন ব্যাংক ও মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠানের মধ্যে আন্তঃসংযোগ নিশ্চিত করতে হবে। ইন্টারঅপারেবিলিটি ছাড়া এ ব্যবস্থার পূর্ণ সম্ভাবনা বাস্তবায়ন সম্ভব নয়।
আমির খসরু বলেন, ডিজিটাল লেনদেনের ফলে প্রতিটি আর্থিক কার্যক্রমের তথ্যভিত্তিক রেকর্ড তৈরি হবে। এতে কর আদায় সহজ হবে, অর্থনৈতিক কর্মকাণ্ড পর্যবেক্ষণ করা যাবে এবং সংগৃহীত তথ্য নীতিনির্ধারণেও কার্যকরভাবে ব্যবহার করা সম্ভব হবে।![]()