যুক্তরাষ্ট্র প্রতিনিধি
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুইন্স ডেমোক্রেটিক পার্টির ‘ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ’ পদে টানা ষষ্ঠবারের মতো নির্বাচিত হয়েছেন বাংলাদেশি-আমেরিকান আইনজীবী মঈন চৌধুরী। কুইন্স কাউন্টির ডিস্ট্রিক্ট লিডারদের সরাসরি ভোটে তিনি আবারও এ দায়িত্বে নির্বাচিত হয়েছেন।
১৩ জুলাই অনুষ্ঠিত নির্বাচনে মঈন চৌধুরী পুনর্নির্বাচিত হন। পরে ২৭ জুলাই নির্বাচনের ফলাফল নিশ্চিত করেন তিনি। সিলেটের সন্তান মঈন চৌধুরী যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালতে তালিকাভুক্ত প্রথম বাংলাদেশি-আমেরিকান আইনজীবীদের অন্যতম হিসেবেও পরিচিত।
ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ হিসেবে মঈন চৌধুরী কুইন্স ডেমোক্রেটিক পার্টির সাংগঠনিক কর্মকাণ্ডে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি স্থানীয় বিভিন্ন কমিউনিটির স্বার্থসংশ্লিষ্ট বিষয় দলীয় নেতৃত্ব ও নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে তুলে ধরবেন। জনগণ ও রাজনৈতিক নেতৃত্বের মধ্যে যোগাযোগ ও সমন্বয় তৈরিতেও তিনি ভূমিকা রাখবেন।
এ দায়িত্ব পালনের ক্ষেত্রে সিনেটর, কংগ্রেস সদস্যসহ বিভিন্ন পর্যায়ের নির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গে সরাসরি যোগাযোগ ও সমন্বয় করার সুযোগ রয়েছে তার। কমিউনিটির প্রয়োজন ও প্রত্যাশা নীতিনির্ধারকদের কাছে তুলে ধরা, জনস্বার্থসংশ্লিষ্ট আইন ও নীতির পক্ষে জনসচেতনতা তৈরি এবং গুরুত্বপূর্ণ সরকারি ও বিচার বিভাগীয় পদে যোগ্য ব্যক্তিদের দলীয় মনোনয়নের পক্ষে সমর্থন দেওয়ার ক্ষেত্রেও কাজ করবেন তিনি।
নিউইয়র্কের রাজনৈতিক অঙ্গনে বাংলাদেশি-আমেরিকানদের অংশগ্রহণ ও প্রতিনিধিত্ব বাড়াতেও দীর্ঘদিন ধরে সক্রিয় মঈন চৌধুরী। নিউইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টের একাদশ জুডিশিয়াল ডিস্ট্রিক্টের বিচারপতি হিসেবে বাংলাদেশি-আমেরিকান সোমা সাঈদের মনোনয়নের ক্ষেত্রেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
টানা ছয়বার ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ পদে নির্বাচিত হওয়াকে কুইন্সের ডেমোক্রেটিক রাজনীতিতে মঈন চৌধুরীর দীর্ঘদিনের সক্রিয়তা ও সাংগঠনিক ভূমিকার স্বীকৃতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে নিউইয়র্কের স্থানীয় রাজনীতিতে বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির অংশগ্রহণ আরও দৃশ্যমান করার ক্ষেত্রেও তার এই ধারাবাহিকতা তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।